আজিমপুর মাতৃসদনের সেবা নিয়ে সন্তুষ্ট প্রসূতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদিজা বেগম রংপুর থেকে এসে আজিমপুর মাতৃসদনে ভর্তি হয়েছেন। ছোট বোনের কাছে শুনেছেন, এই হাসপাতাল ভালো। আগে এক বাচ্চা জন্মের সময় মারা যায়। তাই এবার এখানে চলে এসেছেন। এবার বাচ্চা সুস্থ এবং নিজেও খুশি।

আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান হাসপাতালে প্রয়োজন অনুযায়ী সেবা পাচ্ছেন প্রসূতিরা। গর্ভাবস্থায় এখানে এসে কার্ড করিয়ে নিলে চিকিৎসকেরা সমস্যা ধরে ধরে প্রসূতিকে সেবা দিয়ে থাকেন। খাদিজা বেগম বলেন, ‘অন্য হাসপাতালের চেয়ে এখানে সেবা অনেক ভালো দেয়। এ জন্যই দূর থেকে আসছি।’ তিনি আরও বলেন, সবারই রক্ত পরীক্ষা করে গ্রুপ অনুযায়ী রক্ত প্রস্তুত রাখা হয়। প্রসবের সময়ে কারও দরকার হলে সহজেই রক্ত পাওয়া যায়।

আরজু বেগম প্রসবকক্ষের বাইরে অপেক্ষা করছেন। তাঁর জাকে প্রসবের জন্য ভেতরে নেওয়া হয়েছে। আরজুর  দুই সন্তানের জন্মও এখানে। তিনি বলেন, এখানে সবাইকেই স্বাভাবিক প্রসবের জন্য চেষ্টা করা হয়। খুব সমস্যা না হলে অস্ত্রোপচার করা হয় না। স্বাভাবিক প্রসবের এক দিন পরে মা ও শিশুকে ছেড়ে দেওয়া হয়। আর অস্ত্রোপচার হলে এক সপ্তাহ রেখে বাচ্চা ও মাকে পর্যবেক্ষণ করে ছাড়া হয়।

সেবার মান নিয়ে এখানকার প্রসূতি ও তাঁদের স্বজনেরা সন্তুষ্ট। খরচ তুলনামূলক কম। তবে কয়েকজন বললেন, অনেক ওষুধই বাইরে থেকে কিনতে হয়।

দোতলায় রয়েছে শিশু বিভাগ। খেলার একটি জায়গাও আছে। হাজেরা আক্তার তাঁর দেড় মাস বয়সী ছেলেকে নিয়ে এক সপ্তাহ ধরে ভর্তি আছেন। ছেলের নিউমোনিয়া। এখন ভালোর দিকে। হাজেরা বলেন, ‘কাউরেই বেশি দিন থাকতে হয় না। আমার ছেলেও এখানে সিজারে হইছে। আমারে সুস্থ না কইরা ছাড়ে নাই।’ খরচ তেমন পড়েনি। পরীক্ষা-নিরীক্ষা করাতে আর কিছু ওষুধ কিনতে খরচ হয়েছে।

আজিমপুর মাতৃসদনের তত্ত্বাবধায়ক ইশরাত জাহান বলেন, ১৭৩ শয্যার এই হাসপাতালে ৭৫ থেকে ৮০ ভাগ রোগী থাকে সব সময়। শয্যার অতিরিক্ত রোগী নেওয়া হয় না। তিনি বলেন, ‘আমাদের সব সুযোগ-সুবিধা আছে কিন্তু লোকবল না থাকায় আউটডোরে ২৪ ঘণ্টা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’

রোগীদের বাইরে থেকে ওষুধ কেনা নিয়ে ইশরাত জাহান বলেন, সরকার থেকে যা সরবরাহ আছে, তা-ই দেওয়া হয়। তবে অল্প কিছু অ্যান্টিবায়োটিক রোগীরা বাইরে থেকে কিনে থাকে।