আজিমপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
রাজধানীর আজিমপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুরে নুসরাত জাহান (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নুসরাত মিরপুর উইমেনস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় পুলিশ নুসরাতের স্বামী রাশেদ মাহমুদকে আটক করেছে।পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, ছাত্রী নুসরাতের সঙ্গে আজিমপুরের ৪২/২/এইচ নম্বরের বাসিন্দা খাদ্য বিভাগের পরিদর্শক আবদুর রহিমের ছেলে রাশেদ মাহমুদের বিয়ে হয়। এরপর তিনি ওই বাসায় থাকতেন। গতকাল দুপুর দুইটার দিকে শ্বশুরবাড়ির লোকজন নুসরাতকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক জানান, অনেক আগে নুসরাত মারা গেছেন।নুসরাতের চাচা মাহবুবুর রহমান হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে নুসরাতকে মারধর করত। গতকাল তারা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপ্রপচার চালাচ্ছে।তবে নুসরাতের শ্বশুর আবদুর রহিমের দাবি, তাঁর ছেলে রাশেদকে হিসাব করে খরচ না করায় গালমন্দ করা হয়। এতে নুসরাত অভিমান করে দরজার ছিটকিনি লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দরজা ভেঙে নুসরাতকে সিলিং ফ্যান থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।ঘটনাস্থল পরিদর্শনকারী লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইদ ইকবাল প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে নুসরাতের স্বজনেরা থানায় এ ঘটনা জানান। পরে তিনি গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নুসরাতের স্বামী কলেজছাত্র রাশেদ মাহমুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নুসরাত জাহানের গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতীতে। তাঁর বাবার নাম আমিনুল ইসলাম।