আজিমপুরে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব

আজিমপুর লেডিস ক্লাবে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব’। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে উৎসবের কার্যক্রম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি’। উৎসবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরমার ঝুলি, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বছরের প্রতিটি দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা দরকার। কারণ, বঙ্গবন্ধুর কল্যাণেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করতে হবে। তাঁর মতো দেশকে ভালোবাসতে হবে।
উৎসবের উদ্যোক্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব শুরু করা হয়েছে। আগামী বছর থেকে এই উৎসব ১৭ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।