আজীবন প্রগতিশীলদের পক্ষে লড়েছেন আহমদ শরীফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমদ শরীফের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এই গুণীজন সব সময়ই বুর্জোয়া রাজনীতির বিরুদ্ধে থেকে গণমানুষের মুক্তি চেয়েছিলেন। তিনি জীবনের শেষদিন পর্যন্ত প্রগতিশীলদের পক্ষে ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বক্তারা তাঁকে উপমহাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে মুক্তবুদ্ধি ও নির্মোহ চিন্তার ধারক বলে উল্লেখ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয় ‘ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরস্কার অনুষ্ঠান’। স্বদেশ চিন্তা সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে ড. আহমদ শরীফ স্মারক পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মুবিনুল হায়দার চৌধুরীকে সমাজতান্ত্রিক আন্দোলনের সংগঠক হিসেবে উল্লেখ করে বলা হয়, রাজনীতির প্রতি বিশ্বস্ততা, মার্ক্সবাদ দর্শনের প্রতি আস্থা এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতি তাঁর মমত্ববোধ ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। মামুনুর রশীদ সম্পর্কে বলা হয়, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য না হলেও দেশি-বিদেশি শাসন-শোষণবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি সব সময়ই সক্রিয়।স্মারক বক্তৃতার বিষয়বস্তু ছিল ‘লাল পতাকার নিচে সাংস্কৃতিক আন্দোলন’। এই বক্তৃতায় লেখক মহসিন শস্ত্রপাণি বলেন, এই আন্দোলনের সূচনা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে ১৬৪ বছর এবং উপমহাদেশের ক্ষেত্রে ৯১ বছর আগে। ১৮৪৮ সালে কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশের পর লাল পতাকার নিচে সর্বহারা শ্রেণীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের যাত্রা শুরু হয়।স্মারক বক্তৃতায় শস্ত্রপাণি বলেন, দুনিয়াজুড়ে লাল পতাকার সংগ্রাম সাময়িককালের জন্য হলেও পরাজিত হয়নি। শেষও হয়ে যায়নি। তিনি বলেন, ‘আমাদের পূর্বে যাঁরা পথ হেঁটেছেন তাঁরা আমাদের প্রেরণা। আমাদের কালে যারা আশার প্রদীপ জ্বেলে রাখার চেষ্টা করেছেন, তাঁরা আমাদের শক্তি। তাঁরাই এই যন্ত্রণাবিদ্ধ বর্তমানকে উজ্জ্বল ও আনন্দময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’ মহসিন শস্ত্রপাণি আশা প্রকাশ করেন, এ দেশে ও বিশ্বব্যাপী স্বদেশের শোষক, শাসকশ্রেণী ও সাম্রাজ্যবাদের শোষণ, লুণ্ঠন ও নির্যাতনের শক্তি সংঘবদ্ধ হবে এবং বিচক্ষণ ও যোগ্য নেতৃত্ব লাভ করবে। যত দিন সমাজ শ্রেণীতে বিভক্ত থাকবে, শোষণ-নির্যাতন ও অবদমন থাকবে, তত দিন সংগ্রাম চলবে।