আজীবন সম্মাননা পেলেন তোয়াব খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ সাংবাদিক তোয়াব খানকে ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ l ছবি: প্রথম আলো
প্রবীণ সাংবাদিক তোয়াব খানকে ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ l ছবি: প্রথম আলো

ট্রাস্টের নাম প্রয়াত আতাউস সামাদের নামে। এটা গঠন করতে আর্থিক অনুদান দিয়েছেন প্রয়াত এবিএম মূসা। আর ট্রাস্টের পক্ষ থেকে আজীবন সম্মাননা পেলেন তোয়াব খান। তিনজনই দেশের খ্যাতিমান সাংবাদিক।
সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রবীণ সাংবাদিক তোয়াব খানকে ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। গতকাল রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় ২০১৫ সালের স্নাতক সম্মান পরীক্ষায় ভালো ফল করায় বিভাগের পাঁচজন শিক্ষার্থীকে ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’ প্রদান করা হয়। এঁরা হলেন মো. শরিফুল ইসলাম, আনন্দ কুমার শীল, ফারজানা আক্তার, ফাহিমা আক্তার ও দুলাল সমদ্দার।
অনুষ্ঠানে দৈনিক জনকণ্ঠ-এর উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেন, দেশে সাংবাদিকতা আগে কোনো পেশা ছিল না। সাংবাদিকতাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে বহু মানুষের অবদান রয়েছে। এঁদের মধ্যে অন্যতম ছিলেন সাংবাদিক এবিএম মূসা।
তোয়াব খান বলেন, আগে কেউ ছিলেন ডান, কেউ ছিলেন বাম। এই ডান-বামকে পাশ কাটিয়ে যাঁরা নিজেদের নির্মোহ করতে পেরেছেন তাঁরাই সাংবাদিকতায় স্থায়ী ও প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সত্যিকারের সাংবাদিক হওয়া যায় না। এ জন্য প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের জ্ঞানও প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সত্য প্রকাশ করাই সাংবাদিকতা পেশার মূলনীতি। তাই সমাজের সত্য প্রকাশের জন্য সংবাদকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক মফিজুর রহমান বক্তব্য দেন। ‘আতাউস সামাদ: এক কীর্তিমান সাংবাদিক’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক শেখ আবদুস সালাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।