আঞ্চলিক মানবাধিকার ব্যবস্থা গড়তে ‘ঢাকা সম্মতি’ গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় আঞ্চলিক মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত ‘ঢাকা সম্মতি’ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির হাতে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে ঢাকা সম্মতি তুলে দেন।ঢাকা সম্মতি হচ্ছে মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে দক্ষিণ এশিয়ার মানবাধিকার বিষয় নিয়ে গৃহীত প্রস্তাব।সার্কের আওতায় একটি আঞ্চলিক মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে ‘সাউথ এশিয়ান ইনিশিয়েটিভ ফর রিজিওনাল হিউম্যান রাইটস মেকানিজম’ নামের একটি নাগরিক মোর্চা। ব্যাংককভিত্তিক এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া) এ মোর্চার সচিবালয় হিসেবে কাজ করছে। ৩ ও ৪ ডিসেম্বর ঢাকার নীলক্ষেতে পরিকল্পনা একাডেমীতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশেষজ্ঞদের কর্মশালা শেষে ঢাকা সম্মতি গ্রহণ করা হয়। কর্মশালায় এ কার্যক্রম এগিয়ে নিতে মিজানুর রহমান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের সদস্য হামিদা হোসেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের ট্রাস্টি সাইদুজ্জামান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদকে সদস্য করে একটি দল গঠনের প্রস্তাব করা হয়েছে। বিজ্ঞপ্তি।