আঞ্জুমানের বহুতল ভবনের প্রকল্প ফলক উন্মোচন
রাজধানীর কাকরাইলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের নিজস্ব জায়গায় ১৮ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এই ভবনের প্রকল্প ফলক উন্মোচন করেন।ফলক উন্মোচন শেষে আঞ্জুমানের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রস্তাবিত ভবনটির নকশা প্রণয়নের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলাম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আঞ্জুমানে মুফিদুল ইসলামের সভাপতি এ বি এম জি কিবরিয়া ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন।ভবনের জন্য স্থপতিদের কাছ থেকে প্রতিযোগিতার ভিত্তিতে অনেকগুলো নকশা সংগ্রহ করা হবে। প্রতিযোগিতায় যেটি প্রথম হবে, সেই নকশা অনুসারেই ভবনটি নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বহুতল এই ভবনের দুটি তলায় হাসপাতাল, আঞ্জুমানে মুফিদুল ইসলামের প্রধান কার্যালয়সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় হবে। সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর এ বি এম জি কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, প্রস্তাবিত ভবনটি নির্মিত হলে আঞ্জুমানের আয় অনেক বাড়বে, যা দিয়ে সংস্থাটি কল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর সুযোগ পাবে। তিনি এই প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন।এ বি এম জি কিবরিয়া বলেন, আঞ্জুমানের সব সেবা কার্যক্রম পরিচালিত হয় মানুষের দান করা অর্থে। এখন সংস্থাটির হাতে সাড়ে পাঁচ কোটি টাকা রয়েছে। দানের টাকার হিসাব প্রতি মাসে নিরীক্ষা করা হয়। সংস্থার সহসভাপতি ও টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ভূমিদস্যুদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। একই ভূমিকা আপনি এখানেও পালন করবেন। এই সেবা কার্যক্রমও যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, সে জন্য আপনি বলিষ্ঠভাবে সহযোগিতা করবেন।’ তিনি বলেন, আঞ্জুমানে সরকারি সহযোগিতা খুবই কম। যে অর্থ পাওয়া যায়, তা চামড়া বিক্রি ও জাকাতের টাকা। প্রকল্পটি বাস্তবায়নেও সহযোগিতা প্রয়োজন।