আট দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট
স্থায়ী শিক্ষা কমিশন ও বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন গঠনসহ আট দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে শিক্ষক-কর্মচারীদের সংগঠন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ।কর্মসূচির মধ্যে রয়েছে ১১ আগস্ট উপজেলা ও ১৪ আগস্ট জেলা সদরে মতবিনিময়, ৯ সেপ্টেম্বর উপজেলায় ও ১১ সেপ্টেম্বর জেলা সদরে মিছিল এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি। ১২ সেপ্টেম্বর দাবির পক্ষে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মুঠোফোনে খুদে বার্তা প্রেরণ। ১৩ সেপ্টেম্বর উপজেলায় ও ১৫ সেপ্টেম্বর জেলা সদরের শহীদ মিনারে অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন এবং ২০ সেপ্টেম্বর সব বিভাগে শিক্ষক কর্মচারী মহাসমাবেশ। এরপরও দাবি পূরণ না হলে ৩০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ করে অবিরাম ধর্মঘটসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।আট দফা দাবির মধ্যে আরও রয়েছে জাতীয় স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ও বার্ষিক প্রবৃদ্ধি, অবসরের বয়স ৬৫ বছরে উন্নীত করা, পার্বত্য এলাকায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য ৩০ শতাংশ পাহাড়ি ভাতা চালু করা।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষকনেতা আসাদুল হক, মোহাম্মদ আজিজুল ইসলাম, এম এ সাত্তার, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।