আট প্রতারক, চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে জনশক্তি রপ্তানি প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে ৫০০টি পাসপোর্ট ও দুটি জনশক্তি রপ্তানির লাইসেন্স উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা তিনটার দিকে র্যাব-২-এর একটি দল রাজধানীর ৪৭৪ নম্বর, মালিবাগ আজাদ টাওয়ারে অভিযান চালায়। সেখান থেকে প্রতারক চক্রের সদস্য আকতার হোসেন, মোহাম্মদ আলী, আ. জলিল, হারুন অর রশিদ, আবদুর রহিম, মো. নাজমুল, আবু সুফিয়ান ও সোহরাব হোসেন নামের আটজনকে গ্রেপ্তার করা হয়। এদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।গাড়ি ছিনতাই: রাজধানীর বনশ্রী এলাকা থেকে বের হওয়া ভাড়ায় চালিত একটি গাড়ি (প্রাইভেট কার) ছিনতাই হয়েছে। এ ঘটনায় র্যাব কর্মকর্তার ভাই শেখ রফিকুল ইসলাম বাদী হয়ে রামপুরা থানায় গত রোববার একটি মামলা করেন।রফিকুল ইসলাম জানান, গত বুধবার সকালে তাঁদের ভাড়ায় চালিত গাড়ি নিয়ে চালক মনির শেখ বনশ্রীর বাসা থেকে বের হন। চালকের সঙ্গে শর্ত ছিল, গাড়িটি ঢাকার বাইরে নেওয়া যাবে না। দুপুরে ফিরে না আসায় চালকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মনির শেখ জানান, টাঙ্গাইলে যাওয়ার পর ভালো ভাড়া পাওয়া গেছে। চালকের অনুরোধে তিনি রাজি হন। রাত নয়টায় তিনি যোগাযোগ করলে চালকের মুঠোফোন বন্ধ পান। বৃহস্পতিবার দুপুরের দিকে চালক মনির শেখের বাবাসহ আরও কয়েকজন তাঁদের বাসায় এসে জানান, মনিরের হাত, মুখ বেঁধে ফেলে রেখে গাড়িটি টাঙ্গাইলের মির্জাপুর তেলের পাম্পের কাছ থেকে ছিনতাই হয়েছে।রফিকুল ইসলাম আরও জানান, চালক তাঁকে বলেছেন, যাত্রীদের একজন বমি করার কথা বলে গাড়িটি থামাতে বলেন। পরে তারা গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ গতকাল সোমবার দুপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. আরশাদ ওরফে আশরাফীকে (৩০) গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, গ্রেপ্তার হওয়া আরশাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ব্যবসা, হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, ছিনতাইসহ সাতটি মামলা আছে। ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার: র্যাব সদস্যরা রোববার রাতে অভিযান চালিয়ে ৭৭০ বোতল ফেনসিডিলসহ আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র্যাব-৪-এর সূত্র জানায়, তাদের একটি দল রোববার রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনে অভিযান চালিয়ে ৭১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হোসেনকে গ্রেপ্তার করে। এর আগে দুপুরে তারা বাঙলা কলেজের সামনের রাস্তা থেকে ২১ বোতল ফেনসিডিলসহ খোকন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। র্যাব-২-এর অপর একটি দল মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি ফ্ল্যাট থেকে ৩৯ বোতল ফেনসিডিলসহ সুমন খান নামের এক যুবককে গ্রেপ্তার করে।