রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এদিন রাজধানীর পল্টন, আজিমপুর, র্যাংকিন স্ট্রিট ও শনির আখড়া এলাকায় চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। জরিমানার পাশাপাশি একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাজী দেশাই বর্মণের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পল্টন এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে পানি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেইথ কনজ্যুমার অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপক ফিরোজকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরার নেতৃত্বে পরিচালিত অপর ভ্রাম্যমাণ আদালত আজিমপুর এলাকায় নোংরা ও খোলা পরিবেশের জন্য যাদব ঘোষ অ্যান্ড সন্সকে ৮০ হাজার টাকা, রোজ হেভেন ফুডসকে ২০ হাজার টাকা এবং মৌরি ফুডস অ্যান্ড ক্যাটারিংকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। মানসম্মত পাল্লা ব্যবহার না করায় ভুলু বেকারি অ্যান্ড জেনারেল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া বিদেশি পেস্ট, শ্যাম্পু. লিপস্টিক, ক্রিম, পাউডার ও টয়লেট সোপ বিক্রয়-বিতরণ করায় র্যাংকিন স্ট্রিট এলাকায় নবরূপা ফ্যাশন প্রাইভেট লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত লাচ্ছা সেমাই, সয়াবিন ও সরিষার তেলের সিএম লাইসেন্স বা সার্টিফিকেশন মার্কস লাইসেন্স নবায়ন না করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় গোবিন্দপুর, শনির আখড়া এলাকায় ইসলামিক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। আর দইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে উৎপাদন, বিক্রি ও বিতরণ করায় বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে শনির আখড়া এলাকায় দুটি মুড়ির কারখানায় অভিযান চালান এই ভ্রাম্যমাণ আদালত। তবে মুড়ির আকৃতি, প্রকৃতি এবং রং দেখে সন্দেহ হয় তা রাসায়নিকযুক্ত। তবে উপযুক্ত প্রমাণের অভাবে আদালত কোনো ব্যবস্থা নিতে পারেননি বলে গতকাল পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম, বিএসটিআইয়ের পরিদর্শক, ডিবি এবং মহানগর পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। বিএসটিআইয়ের এমন চলমান অভিযান অব্যাহত থাকবে।