আট মাসে কাজ হয়েছে মাত্র ৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের পর গত আট মাসে কুড়িল উড়ালসেতুর (ফ্লাইওভার) নির্মাণকাজ শেষ হয়েছে মাত্র পাঁচ শতাংশ। বিগত তত্ত্বাবধায়ক সরকার তাদের শেষ সময়ে ২০০৮ সালের ৭ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় বলেছিল, দুই বছরের মধ্যে (অর্থাৎ ২০১০ এর মধ্যে) কাজ শেষ হবে। এখন বাস্তবায়নকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, আগামী দেড় বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে উড়ালসেতুটি চালু করা হবে।রাজউকের প্রত্যাশা, এ উড়ালসেতুটি হলে মূল ঢাকার যানজট অনেক কমে যাবে।তিন কিলোমিটার দীর্ঘ কুড়িল উড়ালসেতুর নির্মাণকাজের উদ্বোধন হয় গত ২ মে। তত্ত্বাবধায়ক সরকার ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর দেড় বছরের মধ্যে কাজ শুরুই করা যায়নি। এখন বর্তমান সরকার নির্মাণকাজ শুরু করার পরও এর গতি খুবই ধীর।এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, জমি অধিগ্রহণ এবং নির্মাণসামগ্রী পেতে বাড়তি সময় লেগেছে। এর মধ্যে রেলওয়ের জমি নিয়ে দীর্ঘসূত্রতায় পড়তে হয়েছিল। কারণ, তাদের ভূমি হস্তান্তরের জন্য চট্টগ্রাম থেকে ছাড়পত্র আসতে হয়। বর্তমানে পুরোদমে নির্মাণকাজ চলছে উল্লেখ করে রাজউকের চেয়ারম্যান বলেন, আশা করা যায়, ২০১২ সালের জুনের মধ্যে কাজ শেষ করে এটি চালু করা যাবে। এ সময় তিনি আরও বলেন, কাজের প্রাথমিক পর্যায়ে একটু সময় বেশিই লাগে। ‘কুড়িল-বিশ্বরোড আন্তঃসংযোগ ফ্লাইওভার’ নামের এ প্রকল্পের পরিচালক আবদুল বাকী মিয়া প্রথম আলোকে জানান, নির্মাণকাজের পাঁচ শতাংশের মতো শেষ হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রায় ৪৭ কোটি টাকায় রেলওয়ে এবং ব্যক্তি মালিকানাধীন প্রায় ১৩ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে।এলাকায় গিয়ে দেখা যায়, কুড়িল রেলক্রসিংয়ের পাশে টিনের বড় গুদাম তৈরি করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। কিছুটা ভেতরে চলছে কাঠামো নির্মাণের কাজ। পিলার স্থাপনের জন্য পাইলিংও হচ্ছে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, মোট ২৯২টি পিলারের মধ্যে ৮৩টির পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এ ছাড়া মাটি ভরাটের কাজ প্রায় শেষ।উড়ালসেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা। এর মধ্যে চুক্তিমূল্য ১৫৪ কোটি টাকা। বাকি টাকা খরচ হয়েছে জমি অধিগ্রহণ ও অন্যান্য বাবদ।রাজউক সূত্র জানায়, এই উড়ালসেতুটি চালু হলে কাঁচপুর থেকে পূর্বাচল পর্যন্ত সহজে এবং গুলশান, বনানীসহ আশপাশের এলাকায় অল্প সময়ে যাতায়াত করা যাবে। কাঁচপুর সেতু থেকে যাত্রাবাড়ী এবং মালিবাগ বিশ্বরোড হয়ে প্রগতি সরণি ধরা সম্ভব হবে। তা ছাড়া ঢাকার আশপাশের বিস্তীর্ণ এলাকার মধ্যে যোগাযোগ সহজ করবে এটি। যেমন, গাজীপুর থেকে কাঁচপুর সেতুর পার্শ্ববর্তী মদনগঞ্জ পর্যন্ত বাইপাস সড়কের সঙ্গে উড়ালসেতুর সংযোগ সড়কের যোগ থাকবে। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস মূল ঢাকা মহানগরের রাস্তা ব্যবহার না করেও যাতায়াত করতে পারবে। এভাবে উড়ালসেতুটির যথাযথ ব্যবহার হলে রাজধানীর যানজট কমে যেতে বাধ্য বলে কর্তৃপক্ষের ধারণা।রাজউকের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, কুড়িল উড়ালসেতু চালু হলে বাইরে থেকে ঢাকা শহরে ঢোকার নতুন একটি প্রবেশপথ সৃষ্টি হবে।প্রধানত পূর্বাচল উপশহর প্রকল্পের ৩০০ ফুট প্রশস্ত প্রধান সড়কের সঙ্গে কুড়িল-বিশ্বরোডকে যুক্ত করতে এই উড়ালসেতু নির্মিত হচ্ছে। এর মূল অংশ তিন কিলোমিটার। সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক থাকবে দুই কিলোমিটার। সেতুর দুই লেনের গড় প্রস্থ হবে ৬ দশমিক ৮ মিটার থেকে সর্বোচ্চ ৯ দশমিক ২ মিটার। এতে চারটি ‘লুপ’ থাকবে। এগুলো হবে বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে।