পরীক্ষার আট মাস পরও ফল প্রকাশ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীন শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়েছেন। গতকাল স্নাতক (সম্মান) শ্রেণির সমাপনী পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিভাগে তালা দেন।
১৯তম ব্যাচের একাধিক শিক্ষার্থী বলেন, গত বছরের ২০ আগস্ট পরীক্ষা শুরু হয়ে পরবর্তী মাসের ২০ তারিখ তাঁদের স্নাতক শ্রেণির সমাপনী পরীক্ষা শেষ হয়। কিন্তু এখনো তাঁদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীরা জানান, এই ব্যাচে তাঁদের ১২ জন শিক্ষার্থীর মধ্যে দুটি কোর্সে আটজনই ফেল করেছেন। উনিশ শতকের শিল্পকলা ও বিশ শতকের শিল্পকলা শিরোনামের ওই দুটি কোর্সই নিয়েছেন বিভাগের একজন অধ্যাপক। চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার আগে ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তখন ফল প্রকাশ হয়নি। সবাইকেই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। পরীক্ষার দুই মাস পর তাঁদের ইনকোর্সের নম্বর জানানো হলে সেখানে তাঁরা দেখেন ২৫ নম্বরের মধ্যে তিনজন শূন্যসহ আটজন ফেল করেছেন। শূন্য পাওয়া ছাত্ররা নির্দিষ্ট সময়ে ওই শিক্ষকের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেননি।
এখন তাঁদের চূড়ান্ত পরীক্ষার ফল কীভাবে প্রকাশিত হবে এ নিয়ে দ্বিধায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।