জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার আট মাস পরও ফল প্রকাশ করা হয়নি। সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী, আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা।শিক্ষার্থীরা অভিযোগ করেন, পঞ্চম সেমিস্টারের ফল প্রকাশিত না হওয়ায় তাঁরা পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দিতে পারছেন না। বিভাগের শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের গাফিলতির কারণে তাঁদের সেশনজট বাড়ছে।কয়েকজন শিক্ষার্থী জানান, মার্চে ষষ্ঠ সেমিস্টারের ক্লাস শুরু হয়। গত মাসে কোর্সও শেষ হয়ে যায়। তবে ফল প্রকাশিত না হওয়ায় চলতি সেমিস্টারের পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। একই ব্যাচের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীর পরীক্ষা শেষে ইতিমধ্যে সপ্তম সেমিস্টারের ক্লাসও শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, জানুয়ারি মাসে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা হয়। এর প্রায় সাত মাস পর গত ৪ আগস্ট ওই ফলাফল তৈরি করে বিভাগটি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেয়। কিন্তু মানোন্নয়ন পরীক্ষা দেওয়া কয়েকজন শিক্ষার্থীর ফলে ভুল হয়। এই ভুল নিয়ে বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর একে অপরকে দোষারোপ করায় বিষয়টি ঝুলে যায়।পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রাথমিক ফলাফল শুধু যাচাই-বাছাই করে চূড়ান্ত ফল প্রকাশের অনুমতি দিই। কিন্তু বিভাগের পরীক্ষা কমিটি সংশোধিত ফল না দেওয়ায় এখনো তা প্রকাশ করা যায়নি।’ বিভাগের চেয়ারম্যান মো. আবদুর রশীদ বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর মানোন্নয়ন পরীক্ষা দেওয়া কয়েকজন শিক্ষার্থীকে ভুলবশত অনিয়মিত উল্লেখ করে। এ জন্য পুরো ফলে ভুল হয়।’ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন তালুকদার বলেন, লোকবলের সংকটের কারণে ফল প্রকাশে বিলম্ব হয়। ভূগোল বিভাগের ফল এ সপ্তাহেই প্রকাশ করা সম্ভব হবে।