আট লাখ ৪৫ হাজার ভারতীয় জাল রুপিসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর গাবতলীর পশুর হাটের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ প্রায় আট লাখ ৪৫ হাজার ভারতীয় জাল রুপিসহ বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। দারুসসালাম থানা সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে দারুসসালাম থানার একদল পুলিশ গাবতলী পর্বত সিনেমা হলের সামনে অভিযান চাালিয়ে বিপ্লব নামের ওই যুবককে আটক করে। তাঁর সঙ্গে থাকা কাপড়ের ব্যাগে তল্লাশি চালিয়ে আট লাখ ৪৫ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। দারুসসালাম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) হেলেন আক্তার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে বিপ্লব পুলিশকে জানান, তিনি ভারতীয় রুপি বহন করেন। গতকাল এক ব্যক্তি কাপড়ের ব্যাগভর্তি জাল রুপি গাবতলী সিনেমা হলের সামনে অপর এক ব্যক্তির কাছে দিতে বলেন। ব্যাগ হস্তান্তরের আগেই পুলিশ তাঁকে আটক করে। পুলিশ কর্মকর্তারা জানান, জাল রুপি বেচাকেনার সঙ্গে জড়িত দুই ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, থানার এসআই সারোয়ার এ আলম বাদী হয়ে আটক বিপ্লবের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিপ্লবের গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার শালিকায়। তাঁর বাবার নাম আওলাদ হোসেন।