আটক আ.লীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তানে হকার ও দোকান মালিকদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোতালিব এখনো রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনার মূল অভিযুক্ত আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকারকে বিকেলে আটক করে রাতের মধ্যেই ছেড়ে দিয়েছে পুলিশ। জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলা আওয়ামী লীগের (উত্তর) সাধারণ সম্পাদক।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে যে মামলা করেছে, তাতেও কারও নাম উল্লেখ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক চাপে বাধ্য হয়ে পুলিশের কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার রাজনৈতিক চাপের কথা অস্বীকার করে বলেন, ‘তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হবে।’গত শুক্রবার বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে রমনা ভবন মার্কেটের দোকান মালিক-কর্মচারীদের সঙ্গে হকারদের ব্যাপক সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, গাড়ি রাখা নিয়ে রমনা বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকার কয়েকজন হকারকে মারধর করেন। এর জের ধরে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার পর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।গত শুক্রবার বিকেলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘হকার ও পুলিশের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’ এরপর রাতে যোগাযোগ করলে ওসি বলেন, ‘মামলা হয়েছে একটি। আর জাহাঙ্গীরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’এজাহারের শুরুতে জাহাঙ্গীরের নাম উল্লেখ করেও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করার কারণ জানতে চাইলে মামলার বাদী শ্যামল দেবনাথ প্রথমে বলেন, ‘তাঁর নির্দেশেই এ হামলা হয়েছে।’ কেন তাঁকে আসামি করেননি জিজ্ঞেস করলে এবার তিনি বলেন, ‘আসলে তাঁর লোকজন এ হামলা করেছে। তাঁকে তো আমি দেখিনি।’পল্টন থানার একজন পুলিশ সদস্য বলেন, ‘জাহাঙ্গীর যে পুলিশকে মারতে নির্দেশ দিয়েছেন, তা সবাই জানে। তার পরও তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশকে মারলে কোনো বিচার হয় না জানলে পুলিশের চাকরি করতাম না।’ তিনি বলেন, জাহাঙ্গীরকে থানায় আনার পর কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ করা হয়েছে। নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে কাওছার হামিদ নামের এক হকার প্রথম আলোকে বলেন, শনিবার রাতে থানায় আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে পুলিশের বৈঠক হয়েছিল। এরপর জাহাঙ্গীরকে ছেড়ে দেওয়া হয়।আবার দখল: গতকাল বেলা দুইটার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে আগের মতোই দোকান খুলে বসেছেন হকাররা। সংঘর্ষের পর আবার কেন বসছেন, জানতে চাইলে মো. রিয়াদ নামের এক হকার বলেন, ‘পার্টি অফিসের জায়গায় আমার বসব না তো কে বসবে?’এদিকে জাহাঙ্গীর আলমের ছেলে আহসানুল আলম বলেন, ‘রমনা ভবনের আশপাশে দলীয় লোক পরিচয়ধারী কয়েকজন জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করছে। পাশে চলে মাদকের ব্যবসাও। পুলিশ নিয়মিত মাসোহারা নিচ্ছে। রমনা ভবনের পক্ষ থেকে এগুলোর প্রতিবাদ করাই কাল হয়েছে।’