আটক আবাসন ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া ইন্টারনেট ব্যবসার অভিযোগে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামানকে গত বুধবার রাতে আটক করে র্যা ব। রাতভর র্যা ব হেফাজতে রাখার পর গত বৃহস্পতিবার তাঁকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে হস্তান্তর করা হয়। এরপর গতকালই তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান।
বিটিআরসির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তাঁরা জানিয়েছেন, উচ্চ পর্যায় থেকে তদবিরের কারণে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাঁরা।
বুধবার রাতে র্যা বের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা ব ও বিটিআরসির একটি যৌথ দল গত বুধবার বিকেলে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছয়তলা থেকে অবৈধ ইন্টারনেট ব্যবসার অভিযোগে মো. ওয়াহিদুজ্জামানকে (৫২) আটক করে। র্যা ব- ২-এর উপপরিচালক মেজর নাসির উদ্দিন আহমেদ এবং বিটিআরসির সহকারী পরিচালক রবিনা খাতুন অভিযান পরিচালনা করেন। তিনি বিটিআরসির লাইসেন্স ছাড়া রাউটার, মিডিয়া কনভার্টার, ল্যাপটপ, মডেম বসিয়ে বাণিজ্যিকভাবে অবৈধ ইন্টারনেট (ব্রডব্যান্ড) সংযোগের ব্যবসা করে আসছিলেন।
র্যা ব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, তিনি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) হিসেবে অবৈধ ব্যবসা করছিলেন। কিন্তু তাঁর কোনো অনুমোদন ছিল না।
রিহ্যাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওয়াহিদুজ্জামান ২০১৪ থেকে ২০১৬ বছরের নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালকও।
এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির এনফোর্সমেন্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ রকম একজনকে ধরা হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে অবৈধ কোনো কিছুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি। তাই তাঁকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে তিনি তথ্য দিয়ে সহায়তা করার অঙ্গীকার করেছেন। আরেকজন কর্মকর্তা বলেন, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য গতকাল দিনভর ওপর মহল থেকে চাপ এসেছে। কে চাপ দিচ্ছেন জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘এ নিয়ে বিটিআরসিতে নানা গুঞ্জন ছিল। আমারও কানে এসেছে। আমি নাম বলতে পারব না, তবে যে মহল থেকে চাপ দেওয়া হচ্ছে তা দেশের অন্যতম ক্ষমতাধর এটুকু জেনে রাখেন।’