আটক ১৮ ছাত্র জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক ১৮ জন ছাত্র জামিন পেয়েছেন। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ারের আদালতে তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করা হয়।শিক্ষার্থীরা দোষ স্বীকার করবেন কি না, আদালত তা জানতে চাইলে আটক শিক্ষার্থীরা নিজেদের নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আটক ছাত্রদের জামিনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। গত শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীসহ মোট ২৯ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। শিক্ষার্থীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চলমান আন্দোলনের অংশ হিসেবে সংহতি সমাবেশে যোগ দিতে এলে পুলিশ তাঁদের আটক করে। পরে ওই দিন রাতেই ১১ জনকে ছেড়ে দেওয়া হয়।এদিকে আজ রোববার পূর্বঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করবেন।