আটটি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন
দুই হাজার ৩২৩ কোটি টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে এক হাজার ৭৩৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৫৮৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। গতকাল মঙ্গলবার শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। শহর এলাকার দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে ৬৬০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি শীর্ষক এই প্রকল্পের আওতায় দেশের সব সিটি করপোরেশন (রংপুর ও গাজীপুরসহ) এবং চারটি নির্বাচিত পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা-কার্যক্রম পরিচালিত হবে।নির্বাচিত সহযোগী এনজিওর মাধ্যমে এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা-কার্যক্রম চলবে। স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সুইডিশ সিডা ও ইউএনএফপিএ ৫৮৪ কোটি টাকা দেবে।সভায় ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু ও কালভার্ট নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’ নামের ৬৯৫ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় দেশের সমতল এলাকায় ৪৫৯টি উপজেলায় ৩০ হাজার ১৩৩ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর কর্তৃক কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বিভিন্ন উপজেলায় নির্মিত রাস্তায় পানি নিষ্কাশন ও নৌ চলাচলের জন্য রাখা অংশে এসব কালভার্ট তৈরি হবে।সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৫২ কোটি টাকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুবিধাদি উন্নয়ন প্রকল্প, ৪৬ কোটি টাকার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য আধুনিক যন্ত্রপাতি কেনাকাটা প্রকল্প, ৫৪৫ কোটি টাকার কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প, ১৪৩ কোটি টাকার জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি ব্রিজ নির্মাণ (সংশোধিত) প্রকল্প, ১৪৮ কোটি টাকার নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া-ছোট ফেনী নদী নিষ্কাশন (তৃতীয় সংশোধিত) প্রকল্প এবং ৩৪ কোটি টাকার রাজশাহী শহরের পানি সরবরাহব্যবস্থা উন্নয়ন প্রকল্প। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।