আতঙ্ক কাটে না মা খালেদার
দুর্বৃত্তদের হাতে মেয়ে নিশাত বানু হত্যাকাণ্ডের পর কিছুদিন নিঃসঙ্গ ও একাকী দিনযাপন করেন মা খালেদা বানু। তবে বিদেশ থেকে বড় মেয়ে আসায় সে নিঃসঙ্গতা কাটলেও কাটেনি আতঙ্ক। ঘটনার দুই সপ্তাহ পরও মেয়ে হত্যার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। নিশাতের পরিবারের অভিযোগ, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেও মামলার আর কোনো অগ্রগতি নেই। খালেদা বানুর ভগ্নিপতি জি এম ফারুক বলেন, রিমান্ডে পাওয়া তথ্য, তদন্তের অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারছেন না তাঁরা। ৫ জুন রাতে তোপখানা রোডের তিনতলা বাড়ির নিচতলার বাসায় ঢুকে তিন যুবক মা খালেদা বানুকে বেঁধে রেখে আরেকটি কক্ষে শ্বাসরোধে মেয়ে নিশাত বানুকে হত্যা করে। দুই দিন পর পুলিশ নিশাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। খালেদা বানুর অভিযোগ, ২০ বছর আগে তাঁর বাসার পাশে নিজের জায়গায় মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে খাবার হোটেল করতে দিয়েছিলেন, যা মনির হোটেল নামে পরিচিত। কিছুদিন না যেতেই মনির ওই জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে মামলা হলে তাঁর সঙ্গে শত্রুতা সৃষ্টি হয়। মনিরুজ্জামান মারা গেলেও তাঁর দুই ছেলে সাইফুল ও সেলিম জায়গা দখলে রাখেন। ওই সাইফুল ও সেলিমই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সেলিম ও সাইফুলকে গ্রেপ্তার শেষে কারাগারে পাঠানো হয়েছে। নিশাত বানুর বড় বোন রাশিদা বানু থাকেন কানাডা ও ছোট বোন জেবা সানজিদা থাকেন যুক্তরাষ্ট্রে। নিশাত হত্যার কয়েক দিন পর কানাডা থেকে দেশে আসেন রাশিদা। সম্প্রতি ওই বাসায় গিয়ে দেখা যায়, বাসার সামনের কক্ষে বসে আছেন পুলিশের দুজন সদস্য। ভেতরের সব দরজা-জানালা বন্ধ। এক পুলিশ সদস্য বললেন, এভাবেই সবকিছু বন্ধ করে মা-মেয়ে ভেতরে থাকছেন। বাইরে তেমন বের হন না। সব সময় আতঙ্কে থাকেন। ওই পুলিশের মাধ্যমে ভেতরে সংবাদ পৌঁছানোর পর পরিচয়পত্র দেখে সাংবাদিক নিশ্চিত হয়ে রাশিদা বানু দরজা খুলে বের হয়ে আসেন। তিনি বলেন, ‘আমার মা আতঙ্ক ও হতাশায় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কারও সঙ্গে কথা বলছেন না। আমরা খুব ভয় পাচ্ছি।’কীসের ভয়, জানতে চাইলে রাশিদা বলেন, ‘সাইফুল ও সেলিমের ভয়। তাঁরা জামিনে বের হয়ে এলেই আমরা আরও নিরাপত্তাহীনতায় থাকব। পুলিশি পাহারা তো আর চিরদিন থাকবে না?’মামলার তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার নূরুন্নবী বলেন, ‘মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আইনগতভাবেই অনেক কিছুই বলা যায় না। জড়িত ব্যক্তিদের পুরোপুরি শনাক্ত করার পর সব তথ্য প্রকাশ করা হবে।’