আতাউস সামাদ ও ফাজলে রশীদ চলার পথ দেখাতে পারতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের গণতন্ত্রের চেতনা ও মূল ভিত্তির ওপর আঘাত আসছে। মানুষের মৌলিক অধিকার রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে আতাউস সামাদ ও ফাজলে রশীদের মতো সাংবাদিকেরা আমাদের চলার পথ দেখাতে পারতেন।’গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব চত্বরে দুজন স্বনামখ্যাত সাংবাদিকের ওপর আলেচনায় রাজনৈতিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা এ কথা বলেন।সভায় বক্তারা সম্প্রতি প্রয়াত আতাউস সামাদ ও ফাজলে রশীদের জীবন ও কাজকে অনুসরণ করতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।ভাষাসৈনিক আব্দুল মতিন বলেন, ‘আতাউস সামাদ মনে করতেন যে তিনি সাংবাদিকতা করে শান্তি পেয়েছেন। এটা তাঁর মনের গভীরের অনুভূতি।’আব্দুল মতিন আশা প্রকাশ করেন, আতাউস সামাদের মতো অন্য সাংবাদিকেরাও দেশের কথা বলে, দেশের জন্য কাজ করে মনে শান্তি পাবেন।গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা অর্জন করেছি, তার ওপর এখন আঘাত আসছে। রামুতে যা ঘটে গেল, তাতে আমাদের স্বাধীনতার অর্জন আক্রান্ত হয়েছে।’ সাংবাদিকদের অবদানের প্রশংসা করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক নেতারা ব্যর্থ হতে পারি, কিন্তু সাংবাদিকদের ব্যর্থ হলে চলবে না।’দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিদিন মরে যাচ্ছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘এই পরিস্থিতি থেকে উত্তরণের কথা যখন ভাবি, তখন আতাউস সামাদের কথা মনে হয়।’আতাউস সামাদের চিকিৎসার ব্যাপারে রাষ্ট্র কোনো সহযোগিতা করেনি বলে মন্তব্য করেন যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান। সভায় আতাউস সামাদের ওপর মানপত্র পড়ে শোনান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। ফাজলে রশীদের ওপর বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ।