আত্তীকরণের জন্য শিক্ষকদের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আত্তীভূত হতে বিশ্ববিদ্যালয় আইনের দুটি ধারা চ্যালেঞ্জ করে সাবেক জগন্নাথ কলেজের শিক্ষকদের করা চারটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন।জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আত্তীভূত হতে সাবেক জগন্নাথ কলেজের ১৯১ জন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ৫৬(২) (ছ) ও ৫৬(৩) ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক চারটি রিট আবেদন করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সাবেক জগন্নাথ কলেজের ২৮০ জন শিক্ষককে প্রেষণে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ১৮ জন শিক্ষক আদালতে মামলা করেন এবং আরও ২০ জন শিক্ষক দেশের বিভিন্ন কলেজ থেকে প্রেষণে আসেন। এর মধ্যে ১৯১ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে হাইকোর্টে পৃথক চারটি রিট আবেদন করেন।সূত্র জানায়, প্রেষণে থাকা শিক্ষকদের বেতন-ভাতা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হয়। তাই কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল প্রেষণে থাকা শিক্ষকদের পর্যায়ক্রমে বদলি করে নতুন নিয়োগ দেওয়া হবে। তবে প্রেষণে থাকা শিক্ষকদের এই রিট আবেদনগুলো বিচারাধীন থাকায় আইনের বাধ্যবাধকতার কারণে তাঁদের বদলি করা যায়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩৮০টি পদের মধ্যে ২১৮টি পদই শূন্য থেকে যায়। ২০ অক্টোবর সাবেক কলেজের শিক্ষকদের প্রেষণে থাকার মেয়াদ শেষ হবে। উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘গত মে মাসে মঞ্জুরি কমিশন প্রেষণে থাকা শিক্ষকদের স্থলাভিষিক্ত করতে ১৩৫টি পদের অনুমতি দেয়। কিন্তু সাবেক কলেজের শিক্ষকদের রিটের কারণে এই নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছিল না।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, হাইকোর্টের এই রায়ের পর শিক্ষক নিয়োগে আর কোনো বাধ্যবাধকতা রইল না। আসছে অক্টোবরে প্রেষণে থাকা শিক্ষকেরা বদলির পর সংকট নিরসনে দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে।