দেশে আত্মহত্যার নীরব মহামারি চলছে। তবে বিষয়টি নিয়ে সরকারি–বেসরকারি স্তরে আশ্চর্য নীরবতা দেখা যায়। আত্মহত্যা এবং এর চেষ্টাকে এখনো অপরাধ হিসেবে দেখা হয়। একে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখতে হবে। আর সেই অনুযায়ী এর প্রতিরোধে কাজ করতে হবে।
‘বিশ্ববিদ্যালয়ে বেড়েছে আত্মহত্যা; হতাশায় নিমজ্জিত শিক্ষার্থীরা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন এবং ভার্চ্যুয়াল সিম্পোজিয়ামে কথাগুলো বলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। আজ শনিবার এ অনুষ্ঠান হয়। এর আয়োজক ছিল শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন। আজ এই অনুষ্ঠানে গত এক বছরে তরুণ শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।
আঁচলের গবেষণায় দেখা যায়, দেশের বিশ্ববিদ্যালয়হ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দেখা গেছে, আত্মহত্যাকারীদের ৬০ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর আত্মহত্যার প্রবণতা নারী শিক্ষার্থীদের চেয়ে পুরুষদের মধ্যে অনেক বেশি।
দেশের প্রায় ৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে সংখ্যাটি পেয়েছে আঁচল ফাউন্ডেশন। দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, দেশে আত্মহত্যার এক নীরব মহামারি চলছে। আঁচল ফাউন্ডেশনের আগের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত দেড় বছর সময়ে প্রায় ১৪ হাজার মানুষ আত্মহত্যা করেছে। আমাদের সব প্রচেষ্টা করোনা মহামারিকে নিয়ে। কিন্তু আত্মহত্যার মতো এমন একটি মহামারি সামলাতে সুচিন্তিত, পরিকল্পিত কোনো প্রচেষ্টা নেই।
অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমদ বলেন, আত্মহত্যাকে এখনো একটি অপরাধ হিসেবে গণ্য করা হয় এ দেশের আইনে। অথচ প্রতিবেশীসহ অনেক দেশে এটিকে একটি মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা হচ্ছে। হেলাল উদ্দিন বলেন, আত্মহত্যা ও এ চেষ্টাকে অপরাধ হিসেবে দেখার প্রবণতা বন্ধ করতে হবে।
আত্মহত্যার চিন্তা করার, চেষ্টা এবং সম্পাদনকারীদের অনেক লক্ষ্মণ চিহ্নিত করা যায় বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বেসরকারি সংগঠন ইনোভেশন ফর ওয়েলবিইংয়ের প্রতিষ্ঠাতা মনিরা রহমান। তিনি বলেন, পরিবারের মধ্যে বিষণ্নতায় ভোগা মানুষেরা বেশি ঝুঁকিতে থাকে। তাদের এসব লক্ষ্মণ পরিবারের সদস্যদের বুঝতে হবে। এসব ব্যক্তিতে সহমর্মিতা দিয়ে কাছে নিতে হবে। তাদের সমস্যার কথা শুনতে হবে।
অনুষ্ঠানে আঁচলের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, ‘পত্রিকা বিশ্লেষণ করে আমরা আত্মহত্যার কারণগুলো দেখে বুঝতে পেরেছি বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে সমস্যা তার চেয়েও গভীর। নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর শিক্ষা এই শিক্ষার্থীরা পায় না বিধায় তাদের জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটলে তারা সেটা সামলাতে পারে না। আমরা যদি তাদের শিখাতে পারি যে ভালো–মন্দ যা–ই ঘটুক না কেন, তা জীবনেরই অংশ এবং একটা সময় পর ঠিক হয়ে যাবে; তাহলে এই শিক্ষার্থীরা নিজেদের খারাপ সময়টাও কাটিয়ে উঠতে পারবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন বুশরা পাটোয়ারি। মূল বক্তব্য উপস্থাপন করেন ফারজানা আকতার।