আদমজী পাটকল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, আদমজী পাটকল পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সমাবেশে তিনি এ কথা বলেন। আদমজী জুট মিলস চালু সংগ্রাম পরিষদ এ সমাবেশের আয়োজন করে। তবে মন্ত্রী কবে ও কীভাবে আদমজী জুট মিল চালু করা হবে, তা নিশ্চিত করে বলেননি।২০০২ সালের ৩০ জুন আদমজী পাটকল বন্ধের দিনের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাটমন্ত্রী আদমজীর সাবেক শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘শ্রমিকের রক্ত শ্রমিক খায়। আপনাদের সর্বনাশ আপনারা করেছেন। খালেদা-নিজামী সরকার আদমজী পাটকল বন্ধ করলেও তখন কোনো শ্রমিক এর প্রতিবাদে আত্মাহুতি দেননি।’ লতিফ সিদ্দিকী বলেন, কওমী, আরআর, দৌলতপুর ও পিপলসসহ সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকল আবার চালু করা হচ্ছে। আদমজীর যন্ত্রপাতিসহ অন্যান্য অবকাঠামো বিক্রি করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক করে একে আবার চালু করতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, আদমজীসহ সব বন্ধ কারখানা চালু করা হবে। আদমজী চালু করতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত বলেন, আদমজী পাটকল চালু করতে এক হাজার কোটি টাকা লাগবে। আদমজী পাটকল কর্তৃপক্ষ আদমজী ইপিজেডের কাছে ৫২৯ কোটি টাকা পাওনা রয়েছে। গুলশানে আদমজী পাটকলের মালিকানাধীন জমির দাম ২০০ কোটি টাকা। বাকি টাকা সরকার থেকে দিলে এ পাটকল চালু করা যায়। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, আদমজী জুটমিলস চালু সংগ্রাম পরিষদের সভাপতি ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আদমজী পাটকলের প্রায় ৪০০ শ্রমিক আসেন।পাট দিবসে নাগরিক সংহতির সভা: পুরানা পল্টনের মুক্তি ভবনে নাগরিক সংহতি আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনায় জনস্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছি। শুধু বিশ্বব্যাংক নয়, যেকোনো সংস্থার পরামর্শ জনস্বার্থ-বিরোধী হলে সরকার মানবে না। আমরা ইতিমধ্যে আমাদের স্বার্থের বিরুদ্ধে বিশ্বব্যাংকের খবরদারির বিষয়টি তুলে ধরেছি।’ ‘বিশ্বব্যাংকের পরামর্শ: আমাদের জাতীয় স্বার্থ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক সংহতির সভাপতি অধ্যাপক এ এস এম আতীকুর রহমান। সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম, ফরিদা আখতার, শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী। মইনুল ইসলাম বলেন, বিশ্বব্যাংকের পরামর্শ আমাদের পঙ্গু করে দিয়েছে। কোনোভাবেই তাদের নতুন কোনো পরামর্শ মানা যাবে না। ফরিদা আখতার বলেন, বিশ্বব্যাংকের পরামর্শ মানতে গিয়ে আমাদের কৃষি খাত বহুজাতিক কোম্পানির হাতে চলে যাচ্ছে। তাই খাদ্যনিরাপত্তা ও কৃষির স্বার্থেই বিশ্বব্যাংকের যেকোনো পরামর্শকে প্রত্যাখ্যান করতে হবে। সহিদুল্লাহ আদমজী পাটকল বন্ধের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।