আদর্শের কারণেই বেঁচে থাকবেন ফরহাদ খান
সাংবাদিক ফরহাদ খান ছিলেন পর্দার অন্তরালের মানুষ। আর এই মানুষটিকে ছড়িয়ে দিতে হবে দেশের তরুণ সমাজের মাঝে। তাঁর সততা আর গুণাবলি হয়ে উঠতে পারে আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা। সততা, নীতি ও আদর্শের কারণেই ফরহাদ খান বেঁচে থাকবেন সবার হৃদয়ে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক ফরহাদ খান দম্পতির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ফরহাদ খান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তাদের কথায় তাঁর সম্পর্কে এমনই অভিব্যক্তি উঠে আসে।
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব ওমর ফারুক বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে সাংবাদিক ফরহাদ খান হত্যা মামলার প্রাথমিক রায় এসেছে। এভাবে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারাধীন সব মামলার রায় দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।
বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, ফরহাদ খানদের মতো লোক এই সমাজে খুঁজে পাওয়া দুরূহ। তবে এই সমাজে তাঁদের মতো লোকের বড় প্রয়োজন।
আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক আহসান উল্লাহ, আলতাফ হোসেন, আলম হোসেন, মশিউর রহমান রুবেল, আইয়ুব আনসারী, সৈয়দ পারভেজ সিদ্দিকী প্রমুখ।
২০১১ সালের ২৮ জানুয়ারি নয়াপল্টনের ৭৭ নম্বর বাসায় নৃশংসভাবে ফরহাদ খান (৬৪) ও তাঁর স্ত্রী রহিমা খাতুনকে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাগনে নাজিমুজ্জামান ও তাঁর বন্ধু রাজুকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। ওই আদেশ এখন উচ্চ আদালতে বিচারাধীন।