আদাবরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরে গত সোমবার রাতে মোছাম্মৎ চন্দনা (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গৃহবধূর স্বামী সাজু মিয়া তাঁকে খুন করে পালিয়ে গেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। চন্দনা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের বিএ সম্মানের ছাত্রী ছিলেন।আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মোসলেহ উদ্দিন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেকের দুই নম্বর সড়কের ফ্ল্যাটের দরজা ভেঙে চন্দনার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। লাশ মেঝেতে পড়ে ছিল। এটির সারা গায়ে ছিল ছুরিকাঘাতের চিহ্ন। ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের বরাত দিয়ে এসআই বলেন, সোমবার রাত নয়টার দিকে স্বামী-স্ত্রী বাইরে থেকে ফেরেন। একটু পরই তাঁদের মধ্যে শুরু হয় ঝগড়া। একপর্যায়ে চন্দনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে স্বামী সাজু দরজা বন্ধ করে পালিয়ে যান। তখন লোকজন পুলিশে খবর দেয়। গত ১ মে থেকে এ দম্পতি ওই বাসা সাবলেট নিয়ে বসবাস শুরু করেন। চন্দনার বাবা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিয়ের পর থেকেই তাঁকে মারধর করতেন সাজু। তিনি বেকার ছিলেন। এসআই মোসলেহ উদ্দিন জানান, থানায় সাজু মিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।