আদাবরে ঝুট ব্যবসায়ী খুন দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার শেখেরটেকে গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীর গুলিতে আনোয়ার হোসেন (৩২) নামের এক ঝুট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া মঙ্গলবার পৃথক ঘটনায় রাজধানীতে গৃহবধূসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তিন সন্ত্রাসী শেখেরটেকের ১৩ নম্বর রোডের মাথায় বালুরটেক মাঠে আনোয়ারের বুকে ও পিঠে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে আনা হলে রাত চারটার দিকে তিনি মারা যান।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাতে আনোয়ার তিন যুবকের সঙ্গে বালুরটেকে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অপর দুই যুবকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এদের একজন একপর্যায়ে রিভলবার দিয়ে আনোয়ারের বুক ও পেটে গুলি করে।ওসি জানান, আনোয়ার নিজের পছন্দে বিয়ে করলেও পরিবার তা মেনে নেয়নি। পরে আনোয়ারের মা দ্বিতীয় বিয়ে করান। কিন্তু দ্বিতীয় স্ত্রী ডলি বেগমকে মেনে নিতে পারেননি আনোয়ার। ওই স্ত্রীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ তিনি রাখতেন না। নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আনোয়ারের দ্বিতীয় স্ত্রী ডলি তাঁর শাশুড়িকে সন্দেহ করছেন। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। আদাবর থানা সূত্র জানায়, গতকাল দুপুরে নিহত আনোয়ারের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন। আনোয়ারের দ্বিতীয় স্ত্রী ও তাঁর শাশুড়ি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত আনোয়ারের গ্রামের বাড়ি পিরোজপুরের বাহেরচরে। তাঁর বাবা মৃত মর্তুজা আলী। অস্বাভাবিক মৃত্যু: গত মঙ্গলবার রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন—গৃহবধূ জেসমিন বেগম ও স্পেন-প্রবাসী মোরশেদ রিপন খান (৩৯)।মঙ্গলবার গভীর রাতে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার জি ব্লকের ২৯ নম্বর বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্পেন-প্রবাসী মোরশেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মোরশেদের স্ত্রী গ্রামের বাড়িতে ছিলেন। খিলগাঁও থানার পুলিশ বিকল্প চাবি দিয়ে বাসার তালা খুলে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় বাড্ডার বাঁশবাড়ি এলাকার স্বামীর ভাড়া বাসার আড়া থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ জেসমিন বেগমের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বামী মোক্তার আলী ভ্যানচালক।গৃহবধূর বাবা সুরুজ মিয়া অভিযোগ করেন, যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও ভাশুরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে জেসমিন আত্মাহুতি দিতে বাধ্য হয়েছেন।