আদাবরে ভগ্নিপতির দেওয়া আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

রাজধানীর আদাবরে ভগ্নিপতির দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে একজন মারা গেছে।

মারা যাওয়া শিশুর নাম মিতু আক্তার (৭)। আজ শুক্রবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন জানান, মিতুর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। মিতুর ছোট ভাই বাপ্পী (৫) ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার আদাবরের বাসায় ভগ্নিপতি আলাউদ্দীনের দেওয়া আগুনে দগ্ধ হয় মিতু ও বাপ্পী। পরদিন বুধবার সাভার থেকে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।

মিতু ও বাপ্পীর বড় বোনের নাম তাসফিয়া জান্নাত। তিনি আলাউদ্দীনের দ্বিতীয় স্ত্রী। তাঁর ভাষ্য, ঘটনার দিন তাঁর ছোট দুই ভাইবোনকে ডেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আলাউদ্দীন। পরে বাইরে থেকে ঘরের ছিটকিনি আটকে পালিয়ে যান তিনি। বাড়িওয়ালাসহ স্থানীয় লোকজন তাঁর দুই শিশু ভাইবোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন।

প্রথমে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলাউদ্দীনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, দ্বিতীয় স্ত্রীকে শায়েস্তা করতে তাঁর ছোট দুই ভাইবোনকে ডেকে নিয়ে ঘরে ঢুকিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আলাউদ্দীন। এ জন্য তিনি এক দিন আগেই কেরোসিন কিনে রেখেছিলেন।

আলাউদ্দীন পেশায় রিকশাচালক। তাঁকে উদ্ধৃত করে পুলিশ জানায়, আলাউদ্দীনের প্রথম স্ত্রী আদাবরে থাকেন। দ্বিতীয় স্ত্রী থাকেন শেখেরটেকে। প্রথম বিয়ের কথা গোপন রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ খবর জানার পর থেকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাউদ্দীনের ঝগড়াঝাঁটি শুরু হয়। এর জেরে ধরেই তিনি দ্বিতীয় স্ত্রীর দুই শিশু ভাইবোনকে ঘরে ঢুকিয়ে আগুন দেন।

এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছে।