আদাবরে সেবিকা খুন, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকার একটি বাসা থেকে গতকাল মঙ্গলবার সকালে মমতাজ বেগম (২৫) নামের এক নার্সের (সেবিকা) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী বাবুল আক্তারকে আটক করা হয়।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, ধারণা করা হচ্ছে, মমতাজকে হত্যা করা হয়েছে। খুনের সঙ্গে সেবিকার স্বামী বাবুল জড়িত থাকতে পারে।পুলিশ ও নিহত মমতাজের পারিবারিক সূত্র জানায়, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে আদাবর থানার পুলিশ গতকাল সকালে বায়তুল আমান হাউজিংয়ের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে সেবিকা মমতাজের লাশ উদ্ধার করে। ওই বাসা থেকেই তাঁর স্বামী বাবুলকে আটক করা হয়।পরে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে বলা হয়, আটক বাবুল জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি তাঁর স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন।আদাবর থানা সূত্র জানায়, নিহত মমতাজের পক্ষ থেকে থানায় মামলা করা হলে এ মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানো হবে।নিহত সেবিকার বোন রোজিনা আক্তার অভিযোগ করেন, মমতাজকে খুন করা হয়েছে। রোজিনা আক্তার বলেন, মমতাজ আদাবরে একটি ক্লিনিকে কাজ করতেন। তাঁর স্বামী বাবুল গাজীপুরে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। ১৫ দিন আগে বাবুল চাকরিচ্যুত হয়ে বায়তুল আমান হাউজিংয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এর আগে মমতাজ একাই ওই বাসায় থাকতেন। মমতাজের একমাত্র সন্তান চার বছরের তাহনিমা তানজিম সিরাজগঞ্জের কাজীপুরে তার নানির সঙ্গে থাকে।গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মমতাজের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।