আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদের অভিযোগ
উচ্চ আদালতের আদেশ অমান্য করে রাজউকের বিরুদ্ধে উত্তরায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উত্তরার ১ নম্বর সেক্টরে সুমিস হটকেক নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
রাজধানীর আবাসিক প্লট থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের বিষয়ে সম্প্রতি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের ওই উচ্ছেদ কার্যক্রমকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুমিস হটকেকের স্বত্বাধিকারী ফারজানা শেখ সুমি।
হাইকোর্ট গত রোববার ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রাজউকের উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেন বলে জানিয়েছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী নাহিদ মাহতাব। তিনি বলেন, আবাসিক প্লট বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে উচ্ছেদ করতে গেলে প্লট ব্যবহারকারীকে লিখিত নোটিশ দিতে হবে। এ ছাড়া বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে ছয় মাসের এবং ভবন উচ্ছেদ করতে ১২ মাস সময় দিতে হবে। কিন্তু রাজউক ওই ধরনের কোনো পদক্ষেপ না নিয়েই উচ্ছেদ অভিযান শুরু করে।
ফারজানা শেখ অভিযোগ করেন, আদালতের আদেশ অগ্রাহ্য করে গতকাল রাজউক তাঁর প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে। আদালতের আদেশ তাৎক্ষণিকভাবে না পাওয়ায় তাঁরা উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের আইনজীবীর সনদ দেখিয়েছেন। কিন্তু রাজউকের অথরাইজড অফিসার মো. মিজানুর রহমান সেই সনদ ছুড়ে ফেলে দেন।
জানতে চাইলে রাজউকের জোন-২ এর অথরাইজড অফিসার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উচ্ছেদ কার্যক্রম শুরু করার অনেক পরে আমাকে কাগজ (আইনজীবীর সনদ) দেখানো হয়েছে। যখন কাগজ পেয়েছি তখনই উচ্ছেদ বন্ধ করে দিয়েছি।’ আইনজীবীর সনদ ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।