আদালতের আদেশ উপেক্ষা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগের নামে বাণিজ্য শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছে চাকরি হারানো কর্মকর্তা-কর্মচারীদের একটি সংগঠন।সংগঠনটির নেতারা বলেছেন, উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ-প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা ও পুনরুদ্ধার কমিটি’র নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের ফটকে গেলে আয়োজক চারজনকে আটক করে পুলিশ। প্রায় একই সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সমমনা ইসলামী ১২ দলের নেতা-কর্মীরা প্রেসক্লাবের ভেতর ঢুকে পড়ে। পুলিশ ভুল করে সংবাদ সম্মেলন আয়োজনকারীদের ইসলামী দলের কর্মী ভেবে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পরে আদালতের রায়ের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়। এরপর চাকরিচ্যুতদের এই সংগঠনটি গড়ে ওঠে। চাকরি রক্ষা ও পুনরুদ্ধার কমিটির সদস্যসচিব মিয়া হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পড়েন। এতে বলা হয়, গত ১২ আগস্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। আদালত ওই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন। কর্তৃপক্ষ আপিল করলে চেম্বার জজ আদালত হাইকোর্টের স্থগিতাদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। চাকরিচ্যুতরা এই স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করলে চেম্বার জজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টির শুনানির জন্য ৪ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।লিখিত বক্তব্যে বলা হয়, এই অবস্থায় বর্তমান কর্তৃপক্ষ নতুন বিভিন্ন পদে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া অব্যাহত রেখেছে। তারিখ উল্লেখ করে বলা হয়, চিঠি পাঠানোর মাত্র দু-এক দিনের মধ্যে লিখিত পরীক্ষার আয়োজন, মাত্র এক দিনের মধ্যে খাতা নিরীক্ষণ এবং উত্তীর্ণ প্রার্থীদের অবহিত করে মৌখিক পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করে নিয়োগ-প্রক্রিয়া সেরে ফেলার মধ্যে নিয়োগ-বাণিজ্যের ঘটনা ঘটছে।হাইকোর্টের যে রায়ের ভিত্তিতে ৯৮৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, তার বিরুদ্ধে আপিল বিচারাধীন রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।কমিটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা নুরুল আমিন, সালেহা বেগম, মীর মঞ্জুর প্রমুখ।