আদালতের নির্দেশে চালু হয় এশিয়ান কার্ডিয়াক হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল। গত ২ অক্টোবর রাতে এক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় তিন নবজাতকের। এরপর হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দেড় মাসের মাথায় হাইকোর্টে রিট করে হাসপাতাল বন্ধের ওপর স্থগিতাদেশ নিয়ে আসে তারা। আবারও চালু হয় হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এশিয়ানের দেখানো পথ ধরে বন্ধ করে দেওয়া আরও একটি হাসপাতাল রিট করেছে।
আদালতের নথিপত্রে দেখা যায়, ৩০ নভেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ অবৈধ হবে না কেন জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেন। হাইকোর্টে রিট আবেদন করেছিলেন এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক আরিফিন খান ও রোকেয়া বেগম। আবেদনে লালমাটিয়া বি-ব্লকের হাসপাতালের ঠিকানা ব্যবহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ঠিকানায় গিয়ে পরিচালকদের কাউকে সেখানে পাওয়া যায়নি।
কেন হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হাইকোর্ট তা জানতে চাইলে অধিদপ্তর তার উত্তর দিয়েছে। অধিদপ্তর বলেছে, এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল ২০ শয্যার একটি হাসপাতালের অনুমোদন নিয়েছিল। তারপর হৃদ্রোগ, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ সেবা দেওয়ার কথা বলে অতিরিক্ত শয্যা চালু করে। হাসপাতালটি অনুমোদন নিয়েছিল ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত। এরপর কর্তৃপক্ষ তাদের লাইসেন্স আর নবায়ন করেনি। নির্ধারিত সময়ের অনেক পরে গত বছরের ২০ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স নবায়নের আবেদন করে। লাইসেন্স নবায়নের প্রক্রিয়া চলার সময়ই এক রাতে এক ঘণ্টার ব্যবধানে তিনটি নবজাতকের মৃত্যু হয়।
হাসপাতালের কার্যক্রম চালুর পক্ষে এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল যুক্তি দেখিয়েছে যে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তাদের জনবল বেকার হয়ে পড়েছে, হাসপাতালের পেছনে তারা বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে। অধিদপ্তর এসব যুক্তি আদালতকে আমলে না নেওয়ার অনুরোধ করেছে। তারা আরও বলেছে, সারা দেশে বেসরকারি হাসপাতালে চালু আইসিইউ, সিসিইউ, এনআইসিইউর মতো বিভিন্ন বিশেষায়িত সেবার তথ্য অধিদপ্তরকে জানাতে বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই আহ্বানেও সাড়া দেয়নি হাসপাতালটি।
লালমাটিয়ায় হাসপাতালের আশপাশের বাসিন্দারা এক রাতে তিন নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের অবহেলাকে কেন্দ্র করে অসন্তোষ, অধিদপ্তরের অভিযানের দেড় মাসের মাথায় হাসপাতালটি চালু হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তবে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে গিয়ে বাইরে থেকে মূল ফটকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের বাইরে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম লেখা আছে। ভেতরে লেখা, ‘ডিপেন্ডেবল ট্রিটমেন্ট, অ্যাফর্ডেবল কস্ট’ (নাগালের মধ্যেই নির্ভরযোগ্য সেবা)। কর্তব্যরত নিরাপত্তারক্ষী হাসপাতাল কর্তৃপক্ষের কারও কোনো ফোন নম্বর বা ঠিকানা দিতে পারেননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক শামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশির ভাগ হাসপাতাল মেডিসিন, শল্যচিকিৎসা, স্ত্রীরোগ-প্রসূতি বিদ্যার চিকিৎসা দেওয়ার কথা বলে হাসপাতালের অনুমোদন নেয়। তারপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নবজাতকদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করে। ধারাবাহিকভাবে বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে দেখা গেছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছাড়াই হাসপাতালগুলো এসব ইউনিট চালু রেখেছে।
অধিদপ্তরের আইন শাখা জানিয়েছে, শ্যামলী রিং রোডে ডিপিআরসি নামের একটি হাসপাতালকে শর্ত ভঙ্গ করে আইসিইউ, সিসিইউ চালানোর অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটিও এখন রিট করেছে।