আদালতের রায় নিয়েও যোগ দিতে পারছেন না প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম কানিজ ফাতিমা এখন রাজধানীর লালবাগ এলাকার ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। প্রায় এক যুগ আইনি লড়াইয়ের পর তিনি প্রধান শিক্ষকের পদ ফিরে পেয়েছেন। আদালত তাঁর পক্ষে রায় দিলেও স্কুল কর্তৃপক্ষ তাঁকে কাজে যোগ দিতে দিচ্ছে না। ১৮ মার্চের হাইকোর্টের রায় ও ঢাকা বোর্ডের নির্দেশ হাতে নিয়ে গতকাল বুধবার কানিজ ফাতিমা ওই স্কুলে যান। কিন্তু তাঁকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তিনি স্কুলের ফটক থেকে ফিরে যান। গতকাল ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে গিয়ে দেখা যায়, ফটক বন্ধ। দারোয়ান মো. বারেক প্রথম আলো প্রতিনিধিকে বলেন, চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হবে না। মোশারফ হোসেন মুঠোফোনে বলেন, আদালতের কোনো রায় বা নির্দেশ তাঁরা পাননি। তা ছাড়া স্কুলে বর্তমানে কোনো ব্যবস্থাপনা কমিটিও নেই। তিনি অভিযোগ করেন, কানিজ ফাতেমা অন্য স্কুলে চাকরিরত অবস্থায় প্রধান শিক্ষকের পদে যোগ দিতে চাইছেন। এ বিষয়ে কানিজ ফাতেমা বলেন, অভিযোগ মিথ্যা। তিনি বাংলাদেশ ব্যাংক হাইস্কুলে নন-এমপিওভুক্ত শিক্ষক ছিলেন। তবে ২০০৭ সালে সে কাজও ছেড়ে দেন। কানিজ ফাতেমা বলেন, ১৯৯৯ সালে প্রধান শিক্ষক পদে যোগ দেন। তৎকালীন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন তাঁর বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলা করেন। এ ছাড়া বিরোধী দলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা আছে, এই মর্মে অভিযোগে তুলে তাঁর রুমে তালা ঝুলিয়ে দেন।