তিন টার্মিনালের টোল
আদায় সহকারীদের কাছে পাওনা প্রায় ৬ কোটি টাকা
গাবতলীতে ৩,৯৭,৩১,০০০, মহাখালীতে ১,৬৬,৪৩,০০০ ও আমিনবাজারে ২০,৬৯,০০০ টাকা বকেয়া।
১০ বছরের বেশি সময় আগে নির্ধারিত জমার টাকাও বাড়েনি।
রাজধানীর দুটি বাস ও একটি ট্রাক টার্মিনাল থেকে টোল আদায়ের জন্য নিয়োগ করা আদায় সহকারীদের কাছে ৫ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার টাকা পাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাওনা আদায়ে ২০১৪ সালে গঠিত কমিটি কেবল একটি সভা করেছে। এ ছাড়া পাওনা আদায়ে সংস্থার পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
২০০৯ সালে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এবং আমিনবাজার ট্রাক টার্মিনাল থেকে টোল আদায়ে আদায় সহকারী নিয়োগ করে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হলে টার্মিনাল তিনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় আসে।
বকেয়া আদায় সম্পর্কে জানতে চাইলে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বকেয়া আদায় করা না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বকেয়া টাকা জমা না হওয়ার পেছনে যেসব কর্মকর্তা ছিলেন, তাঁদের তালিকা করা হচ্ছে। এসব কর্মকর্তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, টার্মিনালগুলো নতুন করে ইজারা দেওয়ার পরিকল্পনা আছে তাঁদের।
গাবতলীর আদায় সহকারী মো. জসিম উদ্দিন ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মফিজুল হকের সহকারী হিসেবে পরিচিত। মহাখালীর আদায় সহকারী সহিদুল্লাহ ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং আমিনবাজারের বশির আহমেদ বাংলাদেশ সড়ক পরিবহন ট্রাক মালিক সমিতির আমিনবাজার শাখার সাধারণ সম্পাদক। চুক্তি অনুযায়ী, গাবতলীর জন্য দৈনিক ১ লাখ ১৭ হাজার, মহাখালীর জন্য ৫০ হাজার ৫০০ ও আমিনবাজারের জন্য ৪ হাজার ৫০০ টাকা জমা দেওয়ার কথা আদায় সহকারীদের। এর অতিরিক্ত আদায় করা টোল তাঁরা পাবেন।
বকেয়া আদায় করা না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বকেয়া টাকা জমা না হওয়ার পেছনে যেসব কর্মকর্তা ছিলেন, তাঁদের তালিকা করা হচ্ছে। এসব কর্মকর্তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, টার্মিনালগুলো নতুন করে ইজারা দেওয়ার পরিকল্পনা আছে তাঁদের।
ডিএনসিসির কর্মকর্তারা জানান, আদায় সহকারীরা নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা বকেয়া রাখছেন। এরই মধ্যে গাবতলীর আদায় সহকারী ৩ কোটি ৯৭ লাখ ৩১ হাজার টাকা, মহাখালীর আদায় সহকারী ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার টাকা ও আমিনবাজারের আদায় সহকারী ২০ লাখ ৬৯ হাজার টাকা বকেয়া রেখেছেন।
ডিএনসিসি সূত্র জানায়, ২০১৪ সালে টার্মিনাল তত্ত্বাবধান ও বকেয়া আদায়ে প্রধান সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে সচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু বকেয়া আদায়ে কমিটি কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। গত সেপ্টেম্বরে এই কমিটির কেবল একটি সভা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সময়ের ব্যবধানে টার্মিনালে অনেক কিছু বদলেছে। বাসের সংখ্যা বেড়েছে, সঙ্গে টোল আদায়ের পরিমাণও। কিন্তু বদলায়নি আদায়কারী। ১০ বছরের বেশি সময় আগে নির্ধারিত জমার টাকাও বাড়েনি।
আদায় সহকারী নিয়োগের শর্তানুযায়ী, পার্কিং বাবদ প্রতি বাস থেকে ৪০ টাকা, ট্রাক থেকে ৩০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা থেকে ২ টাকা এবং শৌচাগার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট হারে টোল আদায় করবেন আদায় সহকারী। এ ছাড়া মালপত্র ওঠানো-নামানোর সময় টার্মিনাল ফি ওঠাতে পারবেন তাঁরা।
টাকা বকেয়া থাকা প্রসঙ্গে জানতে চাইলে গাবতলীর আদায় সহকারী জসিম উদ্দিন বলেন, হরতাল-অবরোধসহ বিভিন্ন কারণে তাঁরা অনেক সময় টার্মিনাল থেকে টোল আদায় করতে পারেননি। এ কারণে জমাও দিতে পারেননি। কোন দিন কী কারণে জমা দিতে পারেননি, তা সিটি করপোরেশনে জমা দেওয়া আবেদনপত্রে উল্লেখও করেছেন। নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর বৈঠক করে এসব আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা সিটি করপোরেশনের। কিন্তু তারা তা করেনি। করলে বকেয়া নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।
ছয় মাস পরপর বৈঠক করার কথা থাকলেও কেন হয়নি? জানতে চাইলে ডিএনসিসির পরিবহন শাখার ব্যবস্থাপক আবদুল বাছেদ সরকার বলেন, তিনি পরিবহন শাখায় অতিরিক্ত দায়িত্বে আছেন। এ ব্যাপারে কিছু জানেন না। তিনি আরও বলেন, নতুন করে ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হচ্ছে। বকেয়া পরিশোধ না করলে বর্তমান আদায়কারীরা দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
মহাখালীর বকেয়ার বিষয়ে জানতে আদায় সহকারী সহিদুল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। আর আমিনবাজারের বকেয়া সম্পর্কে আদায় সহকারী বশির আহমেদ বলেন, নানা কারণে চালকেরা এই টার্মিনালে ট্রাক রাখতে চান না। এ কারণে যে পরিমাণ টাকা জমা দেওয়ার কথা, তা তুলতে পারেন না তিনি। এতে নিয়মিত টাকা জমা দিতে পারছেন না।