আদিবাসী নারীদের প্রতি সহিংসতার বিচারের দাবি
সাম্প্রতিক সময়ে আদিবাসী নারী হত্যা, ধর্ষণ, অপহরণসহ চলমান নানা সহিংস ঘটনার দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক। একই সঙ্গে বিভিন্ন সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত আদিবাসী নারী ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং মানবাধিকার কমিশনকে দিয়ে আদিবাসীদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ ও কর্মজীবী নারী। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা এসব দাবি জানান। যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, কর্মজীবী নারী ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক। সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু ম্রং। সম্মেলনে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত ১৯টি ঘটনার কথা জানা গেছে। দুই আদিবাসী শিশুকে (একজন সাত বছর ও অন্যজন ১১ বছর বয়সী) ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। মোট ১০ জন আদিবাসী নারীকে ধর্ষণ করা হয়, যাদের আটজনের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। এ ছাড়া ১০ জন আদিবাসী নারীর শ্লীলতাহানিসহ তাঁদের শারীরিকভাবে জখম করা হয়। একজন আদিবাসী কিশোরীকে অপহরণ করা হয়, যাকে অপহরণকারীসহ বর্তমানে জেলহাজতে রাখা হয়েছে। দুজন আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। আর এর সবই বাঙালি দুষ্কৃতকারীরা করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।আদিবাসী নারীর ওপর সহিংসতার মূল কারণ হিসেবে ভূমি জবরদখল এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নস্যাৎ করার বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কর্মজীবী নারী শিরীন আখতার বলেন, আদিবাসী নারীরা নিরাপত্তাহীনতায় বসবাস করছে। রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্যসচিব নিশি দেওয়ান বলেন, ‘আজও কল্পনা চাকমা অপহরণের কোনো সুরাহা হয়নি। আদিবাসী নারীদের ওপর সহিংস ঘটনাগুলোর কোনো সুষ্ঠু বিচার ও আসামিদের শাস্তি না হওয়ায় এসব ঘটনা বারবার ঘটছে।’ এ সময় বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, বাংলাদেশ মহিলা পরিষদ আন্দোলন উপপরিষদের সদস্য হুমায়রা খাতুন, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী ও কাপেং ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক লিনা জেসমিন লুসাই উপস্থিত ছিলেন।