আদিবাসী নেতা সঞ্জীব দ্রংয়ের ওপর হামলার বিচার দাবি
আদিবাসী নেতা সঞ্জীব দ্রংয়ের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনগুলোর নেতারা বলেছেন, সঞ্জীবের ওপর হামলা মানে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাধা, মানবাধিকারের প্রতি বাধা।গত শুক্রবার নেত্রকোনার সুসং দুর্গাপুর উপজেলার রানীখং মিশন থেকে ঢাকায় ফেরার পথে বহেরাতলী গ্রামের রাশিমনি স্মৃতিসৌধসংলগ্ন এলাকায় সঞ্জীব দ্রংয়ের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। এ হামলার প্রতিবাদে ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে আদিবাসী ফোরাম ও আদিবাসী অধিকার আন্দোলন গতকাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে।সঞ্জীব দ্রং তাঁর ওপর হামলার বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি অহিংসা, পরমতসহিষ্ণু চেতনা ও শান্তির পথে মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি। কিন্তু ভাড়াটে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালায়। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।’ সংবাদ সম্মেলনে হায়দার আকবর খান বলেন, সঞ্জীবের ওপর হামলা মানে এ দেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপর হামলা, শান্তির পথে হামলা। প্রভাবশালীরা এর পেছনে আছে। অবিলম্বে এ ঘটনার বিচার করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঙ্কজ ভট্টাচার্য, মেসবাহ কামাল, শরীফ জামিল, জান্নাতুল ফেরদৌসি প্রমুখ। সঞ্জীবের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, সহসভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জিয়াউদ্দিন তারেক আলী, সাধারণ সম্পাদক তরারক হোসেইন একটি যুক্ত বিবৃতি দিয়েছেন। জানান।