সাঁওতাল বিদ্রোহের ১৫৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতার ৪০ বছরেও আদিবাসী প্রশ্নে সরকারের দোদুল্যমান অবস্থা কাটেনি।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরা আদিবাসী: সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার আমাদের রাজনৈতিক দাবী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় আদিবাসী পরিষদ এ সভার আয়োজন করে।আলোচনায় অংশ নিয়ে একাধিক বক্তা বলেন, স্বাধীনতার পর থেকে সরকারের বিভিন্ন আইন ও দলিলে আদিবাসীদের বোঝানোর জন্য ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিসত্তা’, ‘নৃ-গোষ্ঠী’, আবার কখনো ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা হয়েছে। এ জন্য আদিবাসীরা আত্মপরিচয়ের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, আদিবাসী প্রশ্নে সরকারের অবস্থান পরস্পরবিরোধী। সংবিধান সংশোধনী প্রস্তাবে দেশের সব মানুষকে বাঙালি জাতি বলা হচ্ছে, আবার আদিবাসীদের ‘উপজাতি’ বলা হচ্ছে। তিনি বলেন, আদিবাসী শব্দটি ব্যবহার করলে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা হুমকির মধ্যে পড়বে, এমন ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে।আইনজীবী সারা হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় সংবিধান সংশোধনের বিষয়ে কোনো অঙ্গীকার করে আসেনি। কিন্তু এরশাদের রাষ্ট্রধর্ম এখন শেখ হাসিনার রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে ঢোকানো হচ্ছে।’ তিনি বলেন, সরকার নয়, এক ব্যক্তি যা চায়, তা-ই করা হচ্ছে।আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ। তিনি বলেন, ২০০৪ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব্ব (সংশোধিত) আইন, ২০০৫ সালের দারিদ্র্য বিমোচন কৌশলপত্র এবং ২০১০ সালের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে সরকার ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করেছে। তার পরও আদিবাসীদের স্বীকৃতি নিয়ে বিতর্কের অবসান হয়নি।আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মেসবাহ কামাল, আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ। সভা সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন।