ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, এ দেশে অনেক আদিবাসী ভাষা আছে। অনেক ভাষার বর্ণমালাও নেই। কিন্তু কঠিন হলেও সে ভাষাগুলোকে ঠিকিয়ে রাখতে হবে।
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ১৫তম বর্ষপূর্তি ও এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠার উদ্যোক্তা রফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাকে এখনো সফলভাবে উচ্চ শিক্ষার বাহন হিসেবে প্রতিষ্ঠা করা যায়নি। সেখানে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার ব্যাপারটি কতটা সম্ভব সেটা চিন্তার বিষয়।
অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন জানান, অসুস্থ থাকার সময় রফিকুল ইসলাম তাঁকে দুটি অনুরোধ জানিয়েছিলেন। বাংলা ভাষার একই রকম বর্ণ যেমন ‘ন’ ‘ণ’ গুলোকে এক করা যায় কি না। অন্যটি আদিবাসী জনগণের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া।
অনুষ্ঠানে ভাষাসৈনিক আবদুল মতিন, অলি আহাদ, গাজীউল হক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যোক্তা রফিকুল ইসলামকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। আবদুল মতিনের পক্ষে সম্মাননা নেন তাঁর স্ত্রী গুলবদন্নেসা মনিকা, গাজীউল হকের পক্ষে তাঁর স্ত্রী জাহানারা বেগম এবং রফিকুল ইসলামের পক্ষে তাঁর স্ত্রী বুলি ইসলাম। অলি আহাদের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
দি মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ডের বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য নাজমুল হাসান, মণিপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যশোবন্ত সিং, ত্রিপুরার লেখক আকবর আহমেদ এবং মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি এ কে শেরাম। সভাশেষে বিভিন্ন ভাষার কবিতা ও গান পরিবেশিত হয়।