শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার আদিবাসীদের নিজ নিজ ভাষায় শিক্ষা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে।গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশের ভাষাবৈচিত্র্য: ব্যবহার ও সংরক্ষণ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, আদিবাসী বা দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় প্রাকপ্রাথমিক ও প্রাথমিক শিক্ষা দেওয়ার বিষয়ে বিভিন্ন এনজিও কাজ করছে। এ কাজটি সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়নি। এ বিষয়ে অতীতে বিভিন্ন সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকায় তেমন কাজও হয়নি। তবে বর্তমান সরকার নিজ নিজ মাতৃভাষায় আদিবাসীদের শিক্ষা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। সরকারের নির্বাচনী ওয়াদায়ও বিষয়টি এসেছে।আলোচনায় বক্তারা পাঠ্যক্রমে জাতীয় সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া, শিক্ষা মন্ত্রণালয় বা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষা নিয়ে গবেষণার জন্য একটি শাখা করা, আদিবাসী ভাষার জন্য একটি আলাদা শাখা গড়ে তোলা, বিভিন্ন ভাষা সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং সরকারকে আদিবাসীদের শিক্ষার বিষয়ে দায়িত্ব নেওয়ার সুপারিশ করেন।শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশের ভাষা জরিপ এবং ভাষার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যত্ করণীয় ঠিক করতে হবে। আর আদিবাসীরা কোন ভাষায় শিক্ষা নিতে চায়, তাও দেখতে হবে। যেসব জাতিসত্তার নিজস্ব বর্ণমালা নেই, তাদের বাংলা বর্ণমালা ব্যবহারেও উৎসাহী করা যায়। তিনি বাংলা, ইংরেজি, চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিসত্তার ভাষার সমন্বয়ে একটি অভিধান তৈরির ওপর গুরুত্ব দেন।ভাষাবিশেষজ্ঞ অধ্যাপক সৌরভ সিকদার বলেন, দেশে প্রায় ৫০টির মতো বেসরকারি সংস্থা আদিবাসীদের মাতৃভাষায় প্রাকপ্রাথমিক ও প্রাথমিক শিক্ষা দেওয়ার কাজটি করছে। কিন্তু এ সংস্থাগুলোর কাজের মধ্যে সমন্বয় নেই, সরকারেরও নজরদারি নেই।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক ভাষা ও তথ্যপ্রযুক্তির জন্য একটি আলাদা বিভাগ বা ইনস্টিটিউট গড়ে তোলা, অনলাইনে ভাষা শেখার ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে একক বানানরীতি মেনে চলার ওপর গুরুত্ব দেন।আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, কোনো জাতিসত্তার ওপর বর্ণমালা চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি জাতিসত্তাগুলোকে স্বাধীনভাবে তা নির্ধারণ করার সুযোগ দেওয়ার কথা বলেন।আলোচনার সঞ্চালক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম বলেন, আদমশুমারি ফরমে কে কোন ভাষায় কথা বলে, সে বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।তথ্যপ্রযুক্তি-বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বলেন, ডিজিটাল যন্ত্রে বাংলাসহ বিভিন্ন ভাষার ব্যবহার থাকতে হবে। ভাষাগুলো যাতে ইন্টারনেটে ব্যবহার করা যায়, সে পর্যায়ে পৌঁছাতে হবে।শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক নূর হোসেন তালুকদার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দিন আহম্মেদ বক্তব্য দেন।