মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমা শুধু পাহাড়ি জনগণের নেতা ছিলেন না। তিনি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অধিকারের কথা বলতেন। তিনি সমতলের আদিবাসীদের জন্যও পৃথক ভূমি কমিশনের কথা চিন্তা করেছিলেন।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি আন্দোলনের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ২৭তম মৃত্যুবার্ষিকীতে গত বুধবার রাজধানীতে এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়াটা ভুল ছিল।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সে ভুল সংশোধনের সুযোগ এসেছে।মানবেন্দ্র লারমার মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, লারমা আদিবাসী নেতা হয়েও দেশের সব মেহনতি মানুষের অধিকারের কথা বলেছেন। অন্যদের মধ্যে কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা প্রমুখ আলোচনায় অংশ নেন।