আদেশ ছাড়া অফিশিয়াল পাসপোর্ট নয়
এখন থেকে সরকারি চাকুরেদের জন্য নীল রঙের ‘অফিশিয়াল পাসপোর্ট’ পেতে সরকারি আদেশ লাগবে। শুধু আদেশ দিয়েই শেষ নয়, সেই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শনও করতে হবে। এ ছাড়া যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) সব ধরনের পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে।
বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারলে মাসুদ রেজওয়ান গত রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক বলেন, অফিশিয়াল পাসপোর্ট নিয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। এসব পাসপোর্টের অপব্যবহার হওয়ার কিছু খবরও পাওয়া গেছে। এ কারণে সরকার কড়াকড়ি আরোপ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ মার্চ নতুন পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকায় যেসব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, অধস্তন অফিস, স্বায়ত্তশাসিত সংস্থার নাম রয়েছে, সেসব জায়গায় কর্মরতদের বাইরে কাউকে অফিশিয়াল পাসপোর্ট দেওয়া হবে না। সরকারি কাজ, চিকিৎসা, পবিত্র হজ পালন, তীর্থস্থান ভ্রমণের জন্য সরকারি আদেশে অফিশিয়াল পাসপোর্ট দেওয়া হবে। অন্য ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত অনাপত্তি সনদের ভিত্তিতে ফি প্রদান সাপেক্ষে সাধারণ পাসপোর্ট নিতে হবে।
বিভিন্ন প্রকল্পে অস্থায়ীভাবে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, যাঁরা উন্নয়ন খাত থেকে বেতন-ভাতা তোলেন, তাঁদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তি সনদ নিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে। তবে সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট দেওয়া হবে। অফিশিয়াল পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর। এই সময়ের আগে যদি আবেদনকারী সরকারি কর্মকর্তা, কর্মচারী অবসরে যান অথবা কোনো কারণে চাকরিরত না থাকেন, সে ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ বা চাকরি থেকে প্রস্থানের তারিখ বা পাসপোর্ট ইস্যুর পরবর্তী ছয় মাস পর্যন্ত মেয়াদ থাকবে। মাসুদ রেজওয়ান বলেন, অফিশিয়াল পাসপোর্টের ক্ষেত্রে পুলিশের ঠিকানা যাচাই প্রতিবেদনের প্রয়োজন হবে না। বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশিরা বিনা মূল্যে অফিশিয়াল পাসপোর্ট পাবেন।
মহাপরিচালক বলেন, সরকারি আদেশ ও অনাপত্তিপত্র যাচাইয়ের জন্য প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন। যাতে কোনো সন্দেহ হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়। তিনি বলেন, কেউ পাসপোর্ট চাইলে মন্ত্রণালয় থেকে তাঁকে যে আদেশ দেওয়া হবে, তার কপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।