আধিপত্য নিয়ে বিরোধ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্তির আধিপত্য নিয়ে বিরোধের কারণে কাফরুলে স্থানীয় বিএনপির নেতা ও মসজিদের ইমাম রকিবুল ইসলাম খুন হয়েছেন বলে মনে করছে ভাষানটেক বস্তির বাসিন্দারা। বস্তিবাসীরা বলছে, স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে রকিবুলের ঘনিষ্ঠতা ছিল। কাফরুল থানার পুলিশ বলছে, এ বিষয়ে ১৩ জনকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করে একটি হত্যা মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।গতকাল ভাষানটেক বস্তির একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মসজিদে ইমামতি করলেও সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক ছিল রকিবুলের। কাফরুল থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। ইব্রাহিমের প্রভাবেই ৯৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হয়েছিলেন রকিবুল। বর্তমানে কারাগারে থাকা ইব্রাহিম ভাষানটেকে সন্ত্রাসী হিসেবে পরিচিত।গত মঙ্গলবার সন্ধ্যায় ভাষানটেক বালুর মাঠে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা রকিবুলকে গুলি করে হত্যা করে। তিনি ভাষানটেকের ৪ নম্বর বস্তির বায়তুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।বস্তিবাসীরা জানায়, রকিবুল বস্তিতে রকিব হুজুর হিসেবে পরিচিত ছিলেন। তাঁকে লোকজন ভয়ও পেতেন। বস্তির পাশের এলাকায় প্রচুর জলাভূমি ভরাট করে বাড়ি তৈরির উপযোগী করা হচ্ছে। সেই ভূমি ভরাটের কাজ নিয়ন্ত্রণ করছে স্থানীয় সন্ত্রাসীরা। এ নিয়ে সন্ত্রাসীদের নিজেদের মধ্যে বিরোধ আছে। বস্তির ভেতরে অবৈধ পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দিয়ে সন্ত্রাসীরা যে উপার্জন করে, তা নিয়েও বিরোধ আছে। এসব নিয়ন্ত্রণকারীর সঙ্গে রকিবুলের ঘনিষ্ঠতা ছিল।এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, পুলিশ হত্যার কারণ নিশ্চিত হতে পারেনি। ইব্রাহিমের সঙ্গে রকিবুলের ঘনিষ্ঠতার কথা শোনা গেছে। তদন্ত চলছে। কাউকে আটক করা হয়নি।ভাষানটেক বস্তিবাসীর অভিযোগ, খুনের পর পুলিশ বস্তি থেকে দুজনকে ধরে নিয়ে গেছে। পুলিশের কথিত তথ্যদাতারা (সোর্স) বস্তির মানুষকে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছেন।বস্তিবাসীদের ভয় দেখানোর বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, তাঁদের তথ্যদাতা নেই।কাফরুল থানা থেকে জানানো হয়, নিহতের ভাতিজা এসকেন্দার আলী লস্কর বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় হত্যাকারী হিসেবে সন্দেহ করে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। হত্যার সম্ভাব্য কয়েকটি কারণও এজাহারে উল্লেখ করা হয়।