স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের দ্বিতীয় তলায় গতকাল শনিবার চলছিল নবীনদের পরিচিতিমূলক ক্লাস। আর নিচতলায় আধিপত্য বিস্তার করা নিয়ে ঘটে উপাধ্যক্ষ ও উপপরিচালক-সমর্থিত দুই দল ছাত্রের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা। চিকিৎসক ও কর্মকর্তারা বলেন, বেলা একটার দিকে কলেজ ভবনের দ্বিতীয় তলায় শুরু হয় এমবিবিএস কোর্সের ৪০তম ব্যাচের পরিচিতিমূলক ক্লাস। তাঁদের বরণ করতে নিচতলায় অবস্থান নেয় উপাধ্যক্ষ সামিউল হক ও উপপরিচালক আবুল হাশেম খানের নেতৃত্বাধীন ছাত্রলীগের দুই উপদল। তারা নবীনদের নিজ দলে টানার চেষ্টা চালায়। এ নিয়ে প্রথমে উত্তেজনা একসময় পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশের উপস্থিতির কারণে মারামারি না হলেও একদল আলাউদ্দিন হোস্টেলে ভাঙচুর করে। পরে পুলিশ দুটি হোস্টেল থেকে লাঠি ও রড উদ্ধার করে। একাধিক চিকিৎসক ও কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কলেজে ও হাসপাতালে সামিউল হক ও আবুল হাশেম খানের নেতৃত্বাধীন ছাত্রলীগের দুটি উপদল সক্রিয়। একটির নেতৃত্বে শোয়েব ও অন্যটির আরিফ। আবুল হাশেম খান প্রথম আলোকে বলেন, ঘটনার সময় কলেজে ছিলেন না বলে কিছু জানেন না। পরে বলেন, এটা ছাত্রদের ব্যাপার, চিকিৎসকদের নয়। সামিউল হক বলেন, এটি চিকিৎসক বা ছাত্রলীগের ঘটনা নয়। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ছাত্রদের মধ্যকার ঘটনা। কলেজের অধ্যক্ষ এম এ আজহার বলেন, ছাত্রলীগের দুই উপদলের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তাঁর ধারণা। কেউ অভিযোগ করেনি। চেষ্টা করেও শোয়েব ও আরিফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।