আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল বুধবার এক মতবিনিময় সভা করেছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনিসুল হক। ব্যবসায়ী নেতা আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
গুলশান ক্লাবে অনুষ্ঠিত সভার আয়োজক ছিল ‘আমরা ঢাকা’ নামের একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম।
সভায় আনিসুল হক বলেন, ‘সকল ক্ষেত্রে তরুণেরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা নানা ক্ষেত্রে পরিবর্তনের কথা বলছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা এই কিছুই হচ্ছে না ধারণাটি বদলে দিতে চাই। আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু ইচ্ছেশক্তি থাকলে পরিবর্তন সম্ভব।’ তিনি তরুণদের সঙ্গে নিয়ে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় অংশ নেওয়া তরুণেরা নতুন মেয়রের কাছে নিজেদের প্রত্যাশা, নাগরিক বিভিন্ন সমস্যা, সমস্যার সমাধানে তাঁরা কী ভাবছেন, ঢাকার উন্নয়নে কী করা যেতে পারে—এমন নানা বিষয়ে কথা বলেন।
সভায় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, টিভি উপস্থাপক আব্দুন নূর তুষার, সুচিন্তা ফাউন্ডেশনের প্রধান মো. এ আরাফাত বক্তব্য দেন।