আনন্দ নিয়ে খেলল ওরা

প্রস্তুতি পর্বে দুবার সেরা তিনজনের মধ্যে ছিল সে। কিন্তু বস্তা দৌড়ের চূড়ান্ত পর্বে পড়ে গেল ভারসাম্য হারিয়ে। জুড়ে দিল কান্না। তাকে সান্ত্বনা দিতেই কিনা আরেকবার দৌড়ের আয়োজন করল স্কুল কর্তৃপক্ষ! এবার দ্বিতীয় হলো সে, মুখেও ফুটল হাসি। সে লিটল ওয়ান্ডার্স স্কুলের বাড্স (কুঁড়ি) শাখার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আদর।
রাজধানীর উত্তরার লিটল ওয়ান্ডার্স স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গতকাল শনিবার। প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের গবেষণা সহকর্মী শাহীন আক্তার।
সকাল থেকে শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতার ছিল অন্য আমেজ। বিশেষ চাহিদাসম্পন্ন ছোট শিশুরাই ছিল মূল আকর্ষণ। বিভিন্ন বিভাগের জন্য ছিল দৌড়, বল কুড়ানো, টানেল ক্রস প্রভৃতি সব মজার প্রতিযোগিতা। শিশুরাও এতে অংশ নেয় বেশ আনন্দ নিয়ে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সব ধরনের নির্দেশনাগুলো অনুসরণ করতে দেখে মনেই হচ্ছিল না যে এরা অন্য শিশুদের চেয়ে একটু আলাদা।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আক্তার বলেন, ‘আমাদের সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। আমরা কেউই শতভাগ সঠিক না। তাই এখানে আজ যাদের জন্য এ প্রতিযোগিতা, তাদের প্রয়োজনটা হয়তো অন্য দশজনের চেয়ে কোনো না কোনো দিক থেকে একটু বেশি। তাই তাদের প্রতি বেশি যত্ন নেওয়া প্রয়োজন।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার, পদক ও সনদ প্রদান করা হয়। লিটল ওয়ান্ডার্স স্কুলটি উত্তরার ৪ নম্বর সেক্টরে। এখানে স্বাভাবিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে ভর্তির জন্য প্রস্তুত করা হয়। বর্তমানে এখানে ৩টি শাখায় ৪০টি শিশু আছে।