আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আবদুল্লাহকে (১৭) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বুধবার রাতে ঢাকার অদূরের আশুলিয়ায় জামগড়া শিমুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিইউ সূত্র জানায়, আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মিডিয়ায় আনসার আল ইসলামের মতাদর্শ প্রচার ও দেশ থেকে ইসলামবিরোধী কাজ দূর করে যেকোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। সে তার ফেসবুক আইডি ও এনক্রিপ্টেড গ্রুপে আনসার আল ইসলামের প্রধান শায়েখ মুফতি জসীম উদ্দিন রাহমানীর জিহাদবিষয়ক লেকচারের ভিডিও পোস্ট করত। তার বাড়িতে থাকা বিভিন্ন জিহাদি বই পড়ে ও সাইবার স্পেস ব্যবহার করে সে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিতে উদ্বুদ্ধ হয়।

আবদুল্লাহর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের তল্লাশি চালিয়ে উগ্রবাদী মতাদর্শের বেশ কিছু বই জব্দ করা হয়েছে। এ ছাড়া উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত তার ব্যক্তিগত মুঠোফোন জব্দ করেছে এটিইউ।