আনসার সদস্যসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় আনসার সদস্যসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে নগরের কাওলায় ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য উজ্জ্বল ইসলাম (৩০) মারা যান। এ ছাড়া গতকাল বিকেলে বনানী এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির ছাদ থেকে পড়ে অপর এক নির্মাণশ্রমিক আবদুর রহিম (২০) মারা গেছেন। রেলওয়ে থানা সূত্র জানায়, মঙ্গলবার রাত একটার দিকে কাওলায় কর্তব্যরত উজ্জ্বল রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। উজ্জ্বলের গ্রামের বাড়ি বগুড়ার সরিষাবাড়ির ছাতহাটায়। এদিকে গতকাল বিকেলে বনানীতে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পা ফসকে পড়ে মারা যান নির্মাণশ্রমিক রহিম।