আনারকলি মার্কেটে দেয়াল ভেঙে ২০০ ভরি স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার আনারকলি মার্কেটের একটি দোকানের দেয়াল ভেঙে ২০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় পাশের দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কেটের তিন নিরাপত্তাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তারা।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় উর্মি জুয়েলার্স নামের দোকানে সোমবার রাত আটটা থেকে পরদিন মঙ্গলবার সকাল নয়টার মধ্যে এ চুরি হতে পারে। ওই দোকানের পাশেই রয়েছে কারিশমা কসমেটিক্স নামের আরেকটি দোকান। দুই দোকানের মাঝখানের দেয়ালের নিচের অংশ ভেঙে চোরের দল দোকানে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ওসি বলেন, কারিশমা কসমেটিক্সের মূল মালিক তৌহিদুল ইসলাম। তিনি এক সপ্তাহ আগে ফারুক নামের এক ব্যক্তিকে দোকানটি ভাড়া দেন। ফারুক ও তাঁর কর্মচারী এ চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।তৌহিদুলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ওসি শাহ আলম। তিনি বলেন, ফারুককে দোকান ভাড়া দিলেও তৌহিদুল কোনো চুক্তিনামা, ফারুকের ঠিকানাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুলিশকে দিতে পারেননি। ঘটনার সঙ্গে তাঁরও সম্পৃক্ততা থাকতে পারে। মার্কেটের তিন নিরাপত্তাকর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়।স্বর্ণালংকার চুরির ব্যাপারে কথা হয় উর্মি জুয়েলার্সের মালিক স্বপন বর্মের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সোমবার রাত আটটার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। গতকাল সকাল ১০টার দিকে দোকান খুলে দেখেন, দোকানের সবকিছু তছনছ ও দেয়াল ভাঙা। পরে তিনি পুলিশে খবর দেন।স্বপন বর্ম দাবি করেন, দুর্বৃত্তরা তাঁর দোকান থেকে ২০০ ভরি স্বর্ণালংকার চুরি করে।সকাল নয়টার দিকে কয়েকজন দোকানদার পাশের দোকানের দুই লোককে ভরা ব্যাগ নিয়ে বের হয়ে যেতে দেখেছেন বলে জানান স্বপন।