আনুগত্য থেকে বিটিভিকে বেরিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনকে সরকারের অনুগত প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতির হাওয়া বদলালে আদালতের রায় বদলায়, বদলায় প্রশাসনিক কর্মকর্তাদের আচরণ। তবে বিটিভি বদলায় শুধু সরকার বদলালে। বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করতে হলে বিটিভিকে এ অবস্থান থেকে সরে আসতে হবে।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বিটিভির খবর বেসরকারি টেলিভিশনে: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিটিভি নামক একটি অনুগত প্রতিষ্ঠানকে আক্রমণ করে কিছু বলতে চাই না। তবে যদি প্রশ্ন করা হয়, বিটিভি তুমি কার? তখন উত্তর হবে, যখন যার তখন তার।’ তিনি বলেন, ‘আজ বিটিভিতে বঙ্গবন্ধুর বন্দনা শুনছি, কিন্তু সরকার পাল্টালেই তিনি নিষিদ্ধ হয়ে যাবেন। বিটিভির জন্য এটাই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ সংবাদের বস্তুনিষ্ঠতার দিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। বিটিভির সংবাদ প্রচার করার বিষয়টি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতে পারে।আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম। বিটিভির উপমহাপরিচালক আবু সালেক বলেন, বিটিভিকে নিয়ে অনেকেই ঢালাওভাবে মন্তব্য করেন। যার কোনো সত্যতা নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান ও প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।