আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে চলছে প্রহসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত আলোচনা সভায় একাধিক বক্তা বলেছেন, ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন চলছে। একই সঙ্গে তাঁরা ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।বেসরকারি সংগঠন নাগরিক ফোরাম গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি শেখ মুজিবের শাসনামলে নিষ্পত্তি হয়ে গেছে। ওই সময় ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি সেনাকে মুক্তি দেওয়া হয়। এখন মানবতাবিরোধী বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে; বিচারের নামে ট্রাইব্যুনালে চলছে প্রহসন।’জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, ‘এমন খবর পাওয়া যাচ্ছে যে তিন ব্যক্তির ফাঁসির আদেশ লেখা হয়ে গেছে। তাঁরা হলেন—জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে তিনি উল্লেখ করেন।’মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী বিএনপি নেতা সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, ট্রাইব্যুনালে ঢুকতে গেলে নাম লিখে ব্যাজ পরে ঢুকতে হয়, যেন টিকিট কেটে সিনেমা হলে ঢোকার মতো। উন্মুক্ত আদালতে সবাইকে কেন ঢুকতে দেওয়া হবে না—এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য আহমেদ আজম খান, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদ।