জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশে যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, তার পরিমাণ ও ভয়াবহতা যুদ্ধাপরাধ-সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক আইনের সংজ্ঞার চেয়েও বেশি।গতকাল বুধবার এক বিবৃতিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। যুদ্ধাপরাধের বিচার শুরু করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।বিবৃতিতে মিজানুর রহমান আশা প্রকাশ করেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং তারা সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয় বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু জাতির কলঙ্ক হিসেবে সেই যুদ্ধে এদেশীয় কিছু দালাল পাকিস্তান বাহিনীর পক্ষ নিয়েছিল। পাকিস্তানি বাহিনীর পক্ষে তারা কেবল অস্ত্রই ধরেনি, বরং মুক্তিযুদ্ধের বিপক্ষে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, নারী নির্যাতন, সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গেও প্রত্যক্ষভাবে জড়িত ছিল।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের শেষভাগে পরাজয় নিশ্চিত জেনে তারা নিরস্ত্র বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এমনকি যুদ্ধের পরও তারা সদ্য স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও ক্রমাগত উন্নয়নের পথে অব্যাহত বাধা সৃষ্টি করে এসেছে। তাদের প্ররোচনায় ও সহযোগিতায় বাংলাদেশে দীর্ঘদিন ধরে অপরাধ করেও বিচারের বাইরে থাকতে পারার একটি দায়হীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই অর্থে, যুদ্ধাপরাধ-সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক আইনের সংজ্ঞার চেয়েও বাংলাদেশের যুদ্ধাপরাধীদের অপরাধের পরিমাণ ও ভয়াবহতা বেশি।মিজানুর রহমান বলেন, অপরাধীরা সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকে এবং দায়হীনতার সংস্কৃতির বদলে আইনের শাসনের সংস্কৃতির বিকাশ ঘটে।অপর এক পৃথক বিবৃতিতে ওয়্যার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বেগবান ও সাঈদীর আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বিবৃতিতে এম এ হাসান বলেন, কমিটি আশা করে, বিচার খণ্ডিত হবে না। সামগ্রিক বিচারহীনতা রোধ, মানবমর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি সত্যিকার অর্থে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা লাভ করবে।